সিলেটটুডে ডেস্ক | ১৩ জুলাই, ২০২৬
‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজি, ‘পিকি ব্লাইন্ডার্স’-এর কিংবদন্তি অভিনেতা স্যাম নিল মারা গেছেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
স্যাম নিলের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।
পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) সিডনির সেন্ট ভিনসেন্ট প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিতে ও মর্যাদার সাথে তিনি বিদায় নেন। তাঁর এই চলে যাওয়াটি হঠাৎ ও আকস্মিক ছিল। তবে স্বস্তির বিষয় হলো, মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ ক্যানসার মুক্ত ছিলেন। অভিনেতার এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল নিজেই প্রকাশ করেছিলেন যে তিনি ‘নন-হজকিন লিম্ফোমা’ নামের একটি মারাত্মক ও আগ্রাসী ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরপর দীর্ঘ চিকিৎসায় ‘কার-টি সেল’ থেরাপি নেওয়ার পর চলতি বছরের এপ্রিলে তিনি ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন যে, তার শরীরের শেষ স্ক্যানে কোনো ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়নি এবং একে তিনি একটি ‘অসাধারণ ব্যাপার’ বলে উল্লেখ করেছিলেন।