সিলেটটুডে ডেস্ক | ১১ আগস্ট, ২০২৬
অভিনয়শিল্পী সোহানা সাবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের খবর সামনে এসেছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম ফয়সাল। পেশায় ব্যবসায়ী এই ব্যক্তির সঙ্গে সোহানা সাবার সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। দেড় বছরেরও বেশি সময় আগে নিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
২০২৩ সালের নভেম্বরে সোহানা সাবার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আসে। তখন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এতদিন পর সেই সম্পর্কের পরিণতির কথা নিজেই জানিয়েছেন সাবা।
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সম্পর্কই পরবর্তী সময়ে বিয়েতে গড়ায়। তবে ঠিক কবে বিয়ে করেছেন, সেই তারিখ প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
বিয়ের পর সংসার জীবন কেমন কাটছে— এমন প্রশ্নের জবাবে সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
ফয়সালের সঙ্গে পরিচয় এবং প্রেমের শুরু নিয়েও কথা বলেছেন সোহানা সাবা। তার ভাষ্য, প্রথম দেখাতেই মনে হয়েছিল, এ মানুষটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করেছিলেন। তবে সে সময় নিজের অনুভূতির কথা প্রকাশ করেননি। পরে ফয়সাল নিজেই তাকে ভালোবাসার কথা জানালে সম্মতি দেন সাবা।
স্বামীর পরিচয় নিয়ে শুরুতে কিছুটা গোপনীয়তা বজায় রেখেছিলেন অভিনেত্রী। শুধু জানিয়েছিলেন, তার স্বামী ব্যবসার সঙ্গে যুক্ত এবং নিজ নিজ অঙ্গনে পরিচিত একজন। পরে কথার এক পর্যায়ে তার নাম ফয়সাল বলে জানান। তবে স্বামীর পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে এর বেশি তথ্য প্রকাশ করতে চাননি তিনি।
সোহানা সাবার নতুন জীবনের সঙ্গে তার ছেলেরও মানিয়ে নেওয়ার বিষয়টি ইতিবাচক বলেই জানিয়েছেন অভিনেত্রী। মায়ের নতুন জীবনসঙ্গীকে ছেলে পছন্দ করেছে এবং বিয়ের ঘটনায় সে বেশ আনন্দিত।
এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে দীর্ঘ প্রায় এক দশকের সংসার ছিল সোহানা সাবার। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সময়ের সঙ্গে নিজেকে সামলে নিয়ে নতুনভাবে জীবন সাজিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে পরিচিতি পাওয়ার পর বড়পর্দাতেও নিজের অবস্থান তৈরি করেন সোহানা সাবা। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু তার। তবে মুক্তির দিক থেকে প্রথম সিনেমা মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দেশের পাশাপাশি ভারতের চলচ্চিত্রেও কাজ করেছেন সোহানা সাবা। ‘ষড়রিপু’ ও ‘এপার-ওপার’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি আরও একটি নাম চূড়ান্ত না হওয়া সিনেমাতেও কাজ করেছেন তিনি। এ ছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমায়ও দেখা গেছে তাকে।
দীর্ঘ প্রেমের পর বিয়ের খবর প্রকাশ্যে আসায় সোহানা সাবার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে স্বামী ও সংসার নিয়ে আপাতত খুব বেশি কিছু প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।