Sylhet Today 24 PRINT

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পদযাত্রায় জয়া আহসান

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২৬

নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল শনিবার। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

পশ্চিমবঙ্গের সংবাদ দ্য ওয়াল-এর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন প্রায় ৫ হাজার নারী। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইন্দ্রাণী হালদার, ইমন চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, লাজবন্তী রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, মৌবনী সরকার, মুমতাজ সরকার, রিচা শর্মার মতো তারকারাও।
সবার একটাই বার্তা—স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের। এই পদযাত্রায় টালিউড তারকাদের সঙ্গে এক কাতারেই ছিলেন জয়া। কখনো গানে গলা মেলাতে, কখনো পোস্টার কিংবা নেতাজি সুভাষ চন্দ্রের ছবি হাতে, আবার কখনো অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে।

এক দশকের বেশি সময় ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। কাজের সুবাদে বছরের অনেকটা সময় কলকাতায় থাকতে হয় তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। সেই সিনেমার প্রমোশনে অনেক দিন ধরেই কলকাতায় আছেন জয়া।

পদযাত্রা থেকে দ্য ওয়ালকে জয়া আহসান বলেন, ‘অভিনব ও ইন্সপায়ারিং একটি আয়োজন। এমন একটি দিনে ভারতের স্বাধীনতা দিবসে এই আয়োজন সত্যি অনুপ্রেরণামূলক। আমি নিজে অনেক অনুপ্রাণিত হয়েছি। সবাই স্বতঃস্ফূর্ত যেভাবে এই আয়োজনের সাথি হয়েছে, তাতে বোঝা যায় আমরা যে লাইনটা (স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের) বলছি সেটার সঙ্গে সবাই কতটুকু মার্চ করে গেছে।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১৪ আগস্ট বাংলাদেশে ফেরার কথা ছিল জয়া আহসানের। কাটা হয়েছিল বিমানের টিকিটও। তবে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নিমন্ত্রণে জয়া অংশ নেন পদযাত্রায়। এই পদযাত্রায় অগ্নিমিত্রা পালও অংশ নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.