Sylhet Today 24 PRINT

নানা পাটেকার মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকার মারা গেছেন। গোয়ার নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫ টা বেজে ২০ মিনিট নাগাদ গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হঠাৎ জ্ঞান হারান তিনি।

সং‌বাদসংস্থা এএনআই জানিয়েছে, ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়।

অভিনেতার পুত্র মালহার পাটেকার জানিয়েছেন, বুকে ব্যথা অনুভব করার পরেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন নানা। তার পরেই চিকিৎসকদের একটি দল অভিনেতার গোয়ার বাড়িতে যায়। কিন্তু চিকিৎসকদের দল সেখানে পৌঁছে দেখে, সংজ্ঞা হারিয়েছেন নানা। টানা সিপিআর দেওয়ার পরেও নানার সংজ্ঞা না-ফেরায় অভিনেতাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৫টা নাগাদ নানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

নানার আসল নাম বিশ্বনাথ পাটেকার। তবে অভিনয়জীবনে নানা নামেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। মূলত হিন্দি এবং মরাঠি সিনেমায় কাজ করেছেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানার অভিনয়জীবনের সূচনা হয়।

‘পরিন্দা’-য় আন্নার চরিত্রে তার অভিনয়ে হিংস্রতা ও মানসিক অস্থিরতার যে মিশ্রণ দেখা যায়, তা তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ারের সেরা সহ-অভিনেতার পুরস্কার। ‘ক্রান্তিবীর’-এ প্রতাপনারায়ণ তিলকের চরিত্রে তার ক্রোধ, ক্ষোভ এবং প্রতিবাদের বিস্ফোরণ তাকে দেয় সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। ‘অগ্নিসাক্ষী’-তে মানসিক ভাবে বিপজ্জনক এক স্বামীর চরিত্রে আবারও তার অভিনয় জাতীয় স্বীকৃতি পায়।

কিন্তু নানার অভিনয় যে শুধু ক্রোধ ও অন্ধকারে আটকে নেই, তার প্রমাণ ‘খামোশি: দ্য মিউজিক্যাল’। শ্রবণ ও বাক্‌শক্তিহীন মেয়ের বাবার চরিত্রে সংলাপের চেয়ে মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষাই হয়ে ওঠে তার প্রধান অস্ত্র।

‘আব তক ছাপ্পান’-এর সদু আগাশে এবং ‘ওয়েলকাম’-এর উদয় শেট্টি—দুই সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্রেও তিনি সমান স্বচ্ছন্দ। আর ‘নটসম্রাট’-এ গণপত বেলভালকরের ভূমিকায় এসে নানা পাটেকার যেন নিজের অভিনয়-ক্ষমতার শেষ সীমানাটাই ছুঁয়ে ফেলেন। এখানে তার শক্তি সংলাপের উচ্চারণে নয়, বরং সংলাপের পরের নীরবতায়। অহংকার যখন ধীরে ধীরে অসহায়তায় বদলে যায়, স্মৃতি যখন বর্তমানকে গ্রাস করে, তখন তার মুখটাই হয়ে ওঠে চরিত্রের মঞ্চ। এই কারণেই নানা পাটেককাকে কেবল ‘দাপুটে অভিনেতা’ বলে দাগিয়ে দেওয়া যায় না। ভারতীয় মূলধারার সিনেমায় তিনি এমন এক বিরল অভিনেতা, যিনি কোনও চরিত্রের ভূমিকায় অভিনয় করেন না—প্রায়শই চরিত্রের অস্বস্তি, ক্ষত আর ক্রোধকে নিজের শরীরের ভিতর দিয়ে দর্শকের সামনে দৃশ্যমান করে তোলেন। তিনবার জাতীয় পুরষ্কার পেয়েছেন এই অভিনেতা।

১৯৮৯ সালে পরিন্দা ছবিতে ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর’-এর জন্য জাতীয় পুরস্কার পান, এরপর ক্রান্তি ছবির জন্য ‘বেস্ট অ্যাক্টর’ ক্যাটাগরিতে ১৯৯৯ সালে পুরস্কার পান। তৃতীয় বার পুরস্কার আসে ১৯৯৭ সালে। ‘অগ্নিসাক্ষী’ ছবির জন্য ‘বেস্ট অ্যাক্টর’ ক্যাটেগরিতে পুরস্কার পান তিনি। এর পাশাপাশি অসংখ্য ছবি করেছেন তিনি। রাজু বানগেয়া জেন্টলম্যান, অপরহণ, ‘ওয়েলকাম’ ছবির সিরিজও মন জয় করেছে দর্শকদের। ২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.