Sylhet Today 24 PRINT

আমি মুসলিম, তবে নামাজ পড়ি না : শাবানা আজমি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২৬

নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি জানিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম হলেও তারা নিয়মিত নামাজ পড়েন না।

ধর্মের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও খুব একটা ঘনিষ্ঠ নয়। তার স্বামী, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার আবার নিজেকে প্রকাশ্যেই নাস্তিক হিসেবে পরিচয় দেন।

সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইউনাইটেড নেশনসের (আইআইএমইউএন) ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলাপচারিতায় ধর্ম নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন শাবানা।

তিনি জানান, তার বাবা উর্দু কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন নাস্তিক।

অন্যদিকে, তার মা শওকত কাইফি ধর্ম পালন করলেও তা নিয়ে খুব বেশি কঠোর ছিলেন না।

কথা বলতে গিয়ে শাবানা বলেন, “মাঝেমধ্যে আমি ‘মাশাআল্লাহ’ বা ‘ইনশাআল্লাহ’ বলি। তখন জাভেদ প্রশ্ন করেন, আমি কেন এসব বলি? অন্য কেউ যদি সব সময় ‘প্রভুজির ইচ্ছা’ বলে, তাহলে আমার কেমন লাগবে? কিন্তু আমার মনে হয়, এসব শব্দ আমার ভাষারই অংশ।”

শাবানা আরো জানান, ধর্ম নিয়ে কখনোই তার বিশেষ কৌতূহল ছিল না।

তার স্বামী জাভেদ আখতার ধর্মের বিষয়ে বেশ দৃঢ় অবস্থান পোষণ করেন। তিনি বলেন, ‘জাভেদ খুবই কট্টর নাস্তিক। আমি তাকে বলি, নিজের এই অবস্থান সব সময় প্রকাশ করার কী দরকার? কেউ যদি ধর্ম পালন করে মানসিক শান্তি পান, তাহলে তাকে তা করতে দেওয়া উচিত। তাকে আঘাত করার প্রয়োজন কী?’

জাভেদের যুক্তি তুলে ধরে শাবানা বলেন, তার স্বামী মনে করেন, ধর্মবিশ্বাসীরা যদি তাকে আঘাত করেন, তাহলে নাস্তিক হিসেবে তারও বিরক্ত বা ক্ষুব্ধ হওয়ার অধিকার রয়েছে।

নিজের ধর্মীয় পরিচয় সম্পর্কে শাবানা বলেন, ‘হ্যাঁ, আমি মুসলিম। ঈদ আমার ভালো লাগে, উর্দু ভাষা ভালো লাগে, খাবারও ভালো লাগে। কিন্তু আমরা নামাজ পড়ি না, ধর্মের সঙ্গেও আমাদের তেমন কোনো সম্পর্ক নেই।’

ঈশ্বরের ধারণা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, বিষয়টি নিয়ে তাকে কখনো বিশেষভাবে ভাবতে হয়নি। তবে ধর্মকে তিনি ব্যক্তিগত বিষয় হিসেবেই দেখতে চান। রাষ্ট্রের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় বলেও মনে করেন তিনি। কেউ প্রার্থনা করে মানসিক শান্তি পেলে তাতে তার কোনো আপত্তি নেই।

ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছেন শাবানা আজমি ও জাভেদ আখতার। শাবানাকে বিয়ের আগে চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন জাভেদ। ১৯৭২ সালে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান—চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার ও অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। ১৯৭৮ সালে জাভেদ ও হানির বিচ্ছেদ হয় এবং ১৯৮৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এর আগে ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ আখতার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.