Sylhet Today 24 PRINT

যা খুশি বলুন, চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, আমার নীতি বদলাবে না: প্রভা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৬

যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে প্রভা জানিয়েছেন, মানুষের অপমান, কটূক্তি কিংবা চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তার নীতিগত অবস্থান পরিবর্তন করতে পারবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন অভিনেত্রী পরীমনি। এ ঘটনার পর এক ভিডিওবার্তায় পরীমনির প্রতি সমর্থন জানিয়ে নিজের জীবনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সাদিয়া জাহান প্রভা। তবে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ সমালোচনা শুরু করেন।

পরীমনির অভিযোগের প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রভা জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর তার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। এমন পরিস্থিতিতে ওই সাংবাদিককে যা সহ্য করতে হয়েছে, তার জন্য তিনি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করেন।

তবে এ ঘটনায় নিজের মূল অবস্থান থেকে সরে আসেননি অভিনেত্রী। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’

প্রভা আরও বলেন, একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে তিনি একমত নাও হতে পারেন। কারও অসদাচরণ কিংবা অন্যকে গালাগাল করার বিষয়টি তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তিনি এমন আচরণ সমর্থন করেন না। কিন্তু কোনো আচরণ অপছন্দ হলেই সেই নারীকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই।

অভিনেত্রীর ভাষ্য, একজন নারীর পছন্দ ও চরিত্রের বিচার তার নিজের এবং সর্বশক্তিমানের বিষয়। এ নিয়ে অন্য কারও তার মর্যাদা নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। কোনো নারীর পাশে দাঁড়ানোর অর্থ তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়; বরং তার প্রতি অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়াই এর মূল উদ্দেশ্য।

এদিকে নিজের অতীতের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা টেনে যারা তাকে কটাক্ষ করছেন, তাদেরও জবাব দিয়েছেন প্রভা। তিনি বলেন, এমন একটি ঘটনার জন্য তাকে লজ্জিত করার চেষ্টা করা হচ্ছে, যে ঘটনার জন্য তিনি নিজেকে কখনোই দায়ী মনে করেন না। অন্যের অভিযোগ তাকে অপরাধী করে না, আর কারও বিচার তার পরিচয় নির্ধারণ করতে পারে না।

প্রভা আরও জানান, একজন নারীর পাশে দাঁড়ানোর কারণে অপমানিত হওয়াকে তিনি মেনে নিতে প্রস্তুত। তবে এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নীরব থাকতে চান না, যারা মনে করেন একজন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাদের রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.