সিলেটটুডে ডেস্ক | ১০ নভেম্বর, ২০২৬
আসাদ নূর ও পারশা মাহজাবীন পূর্ণী। ছবি: ফেসবুক
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী সাম্প্রতিক সময়ে নিজের বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৯টায় একটি দীর্ঘ ও খোলামেলা স্ট্যাটাস দিয়েছেন। আসাদ নূরকে বিয়ে করার পর সামাজিক মাধ্যমে নানামুখী আলোচনা-সমালোচনা এবং তাকে জড়িয়ে চলা বিভিন্ন বিতর্কের কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। পোস্টে তিনি স্পষ্ট করেছেন নিজের চিন্তাধারা, পারিবারিক প্রেক্ষাপট এবং ধর্মীয় রক্ষণশীলতা ও উগ্রতার বিরুদ্ধে তার আপসহীন অবস্থান।
লেখার শুরুতেই পারশা বলেন, বিয়ে কোনো ধর্মের পেটেন্ট করা প্রথা নয় এবং প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা থেকেই এর প্রচলন রয়েছে। সন্তান লালন-পালনের প্রবল আগ্রহ থেকেই তার কাছে বিয়ে কোনো বিলাসী বিষয় নয়, বরং একটি সামাজিক ও মানসিক প্রয়োজনীয়তা ছিল। তিনি লেখেন, ভবিষ্যৎ সন্তানদের জন্য তিনি যেমন দায়িত্বশীল বাবা চেয়েছেন, আসাদের মধ্যে ঠিক সেই মানুষটিকেই খুঁজে পেয়েছেন। তাকে লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে তুলনা করার ট্রোলের জবাবে তিনি স্পষ্ট জানান, কারও দ্বিতীয় সংস্করণ হওয়ার কোনো ইচ্ছে তার নেই, তিনি নিজেই নিজের মতো পরিচিত হতে চান।
স্বামীর জীবন সংগ্রামের কথা তুলে ধরে পারশা জানান, তাদের দুজনের পারিবারিক শুরুর জায়গাটি সম্পূর্ণ আলাদা। পারশা যেখানে একটি সংস্কৃতিমনস্ক, সুবিধাপ্রাপ্ত ও মুক্তচিন্তার পরিবারে বড় হয়েছেন, সেখানে আসাদের জীবনপথ ছিল কণ্টকাকীর্ণ। আসাদের মাদ্রাসায় পড়াশোনা, সেখানে নির্যাতনের শিকার হওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনার জেরে সামাজিক ও পারিবারিক চাপ তাকে ধীরে ধীরে ভিন্ন চিন্তার দিকে ঠেলে দিয়েছিল বলে জানান পারশা।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে সামাজিক বৈষম্য ও উগ্রতার শিকার হয়ে আসাদকে জেল খাটতে হয়েছে এবং দীর্ঘ ১০ বছর ধরে তিনি তার মায়ের মুখ দেখতে পারেননি। তবে বর্তমানের আসাদ আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব ও যত্নশীল বলে দাবি করেন পারশা।
নিজের পরিবারের উদার মানসিকতার কথা উল্লেখ করে পারশা জানান, তার বাবা-মা এই বিয়েতে প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মেয়ের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান জানিয়েছেন। তার বড় ভাই একজন প্র্যাকটিসিং মুসলিম এবং ইসলাম নিয়ে গবেষণা করলেও পরিবারের ভেতরে কিংবা বাইরে কারও ব্যক্তিগত স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করেন না। পারশার মতে, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সহমর্মিতাই মনুষ্যত্বের প্রথম পরিচয়। ধর্ম পালনের সঙ্গে নিজের কোনো বিরোধ নেই উল্লেখ করে পারশা বলেন, তার আপত্তি ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে। নারীর পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান তিনি।
পারশা পরিষ্কার ভাষায় বলেন, আমার শিল্প কোনো পাপ নয়, যার জন্য একদিন আমায় অনুশোচনার অভিনয় করতে হবে। খ্যাতি কিংবা সামাজিক গ্রহণযোগ্যতার জন্য নিজের শিল্পীসত্তাকে ছোট করার মানুষ আমি নই। নিজের সততা ও নৈতিকতার কথা বলতে গিয়ে তিনি জানান, ধর্মের নামে ভণ্ডামি কিংবা লোক দেখানো ধার্মিকতা তার পক্ষে সম্ভব নয়। পোস্টের শেষাংশে নিজের দেশ, মাটি ও সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসার কথা জানান পারশা মাহজাবীন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ভালো মানুষেরা এবং তাদের ভালোবাসা সবসময় তার সঙ্গে রয়েছে। উগ্রতা ও হুমকির কাছে তিনি কখনোই মাথা নত করবেন না। বাংলা ভাষা ও সংস্কৃতির লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তার আত্মপরিচয়ের জায়গায় আপসহীন থাকার ঘোষণা দেন।