Sylhet Today 24 PRINT

মিস ইউনিভার্সের জন্য দেশবাসীর কাছে ভোট চাইলেন সিলেটের মাহি

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি। এবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফ্যান ভোটিং শুরু হয়েছে। আর এই ভোটে বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী মাহি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্ত ও দেশের মানুষের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মাহি লিখেছেন, সবাই মিলে বাংলাদেশের পাশে দাঁড়ালে দেশকে প্রতিযোগিতার শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব। এ সময় দেশের প্রতি পূর্ণ সমর্থন জানাতে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন তিনি।

ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছেন এই সুন্দরী। এ জন্য প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের ভোট অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে ভোট দেওয়া যাবে।

গত ৭ নভেম্বর রাজধানীর এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এই খেতাব জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনতে পারবেন কি না, তা নিয়ে দেশের দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি। মাহির গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে, তবে তাঁর শৈশব কেটেছে সিলেটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.