Sylhet Today 24 PRINT

কণ্ঠের জাদুতে দুই দশক: এফএম রেডিওর পথচলায় ‘কুল মুকুল’-এর গল্প

পল্লব পলাশ  |  ২৪ নভেম্বর, ২০২৬

সকাল সাতটা। হাতে হয়তো কফির কাপ, নয়তো ঢাকার ব্যস্ত রাস্তায় গণপরিবহনের জানালা ঘেঁষে বসা কোনো শিক্ষার্থী বা অফিসযাত্রী। কানে গুঁজে রাখা হেডফোনে ভেসে আসে এক পরিচিত, প্রাণবন্ত কণ্ঠস্বর। দিনটি ছিল ২০০৬ সাল-তখনো আজকের মতো সোশ্যাল মিডিয়ার দাপট বা হাতের মুঠোয় পডকাস্টের ছড়াছড়ি তৈরি হয়নি। কেবল কণ্ঠের মায়াজালেই শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া ছিল আসল চ্যালেঞ্জ।

সেই সময়ে রেডিও আমার-এর ‘আমার সকাল’ অনুষ্ঠান দিয়ে মাইক্রোফোনের সামনে বসেছিলেন আরজে মুকুল। দেখতে দেখতে সেই পথচলার কেটে গেল পূর্ণ ২০টি বছর।

বাংলাদেশের বেসরকারি এফএম রেডিওর ইতিহাসে প্রথম আরজে হিসেবে দুই দশক পূর্ণ করা নিঃসন্দেহে একটি মাইলফলক। ২০০৬ সালের দিকে রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও আমার কিংবা এবিসি রেডিওকে ঘিরে যে নতুন উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে আরজে হওয়া অনেকের কাছেই ছিল স্বপ্নের মতো। সময়ের স্রোতে সেই শুরুর দিনের অনেক সহকর্মীই ভিন্ন মাধ্যমে পাড়ি জমিয়েছেন, কেউবা বদলেছেন পেশা। কিন্তু মুকুল রয়ে গেছেন তাঁর ভালোবাসার জায়গাটিতেই-মাইক্রোফোন আর শ্রোতাদের মাঝখানে।

‘কুল’ থেকে ‘টু কুল’ হওয়ার নেপথ্যে
মুকুলের নামের আগে জুড়ে থাকা ‘কুল’ বিশেষণটির পেছনে রয়েছে বেশ মজার এক গল্প। ২০০৬ সালের শীতের শুরুতে প্রশিক্ষণের আগে বড় ভাই রানা ভাইয়ের মজার পরামর্শ থেকেই জন্ম নেয় এই পরিচিতি। শুরুতে ইন্ট্রোতে নিজের পরিচয় দিতেন ‘কুল আরজে মুকুল’ হিসেবে। সহকর্মী থেকে শুরু করে অফিসের বড় কর্তারাও তাঁকে এই নামেই ডাকতে শুরু করেন।

পরে রেডিও ফুর্তিতে যুক্ত হওয়ার পর তৎকালীন সিইও সাঈদ কবিরের মজার মন্তব্যে তা রূপ নেয় ‘টু কুল মুকুল’-এ। সময়ের পরিক্রমায় সেই ‘কুল’ শব্দটিই তাঁর ব্র্যান্ড ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

সিডিতে বিক্রি হওয়া ‘টি স্টল’ ও শ্রোতাদের ভালোবাসা
রেডিওর দুনিয়ায় মুকুলের জনপ্রিয়তার ঝুলিতে জমা আছে ‘আমার সকাল’ আর ‘টি স্টল’-এর মতো তুমুল আলোচিত অনুষ্ঠান। শ্রোতাদের ভালোবাসার গল্পগুলোও বেশ চমকপ্রদ। রেডিও ফুর্তিতে থাকার সময় ‘টি স্টল’ অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ময়মনসিংহের একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে রীতিমতো ব্যানার টাঙিয়ে অনুষ্ঠানের রেকর্ড করা সিডি বিক্রি হতো! এমন ঘটনা যেকোনো আরজের জন্যই পরম পাওয়া ও বিস্ময়ের।

দীর্ঘ এই যাত্রায় হাজারো শ্রোতার জীবনের সুখ-দুঃখ, হতাশা ও আনন্দের গল্প শুনেছেন তিনি। কখনো কোনো শ্রোতার কথা নাড়িয়ে দিয়েছে তাঁর নিজের জীবনবোধকেও, আবার কখনো অজানা কোনো শ্রোতার হঠাৎ হারিয়ে যাওয়া বা নিভে যাওয়ার খবরে ভারী হয়েছে মন।

ডিজিটাল যুগেও রেডিওর টিকে থাকার গল্প
টেলিভিশন, স্মার্টফোন, পডকাস্ট কিংবা নানা ডিজিটাল প্ল্যাটফর্মের ভিড়ে অনেকেই ভাবেন রেডিও বুঝি ফুরিয়ে যাচ্ছে বা শ্রোতা কমে গেছে। কিন্তু মুকুলের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। প্রায় ১৩০ বছরের পুরোনো এই মাধ্যমটি আজও প্রাসঙ্গিক- অল্প খরচে, এমনকি একটি ব্যাটারি দিয়েও এটি শোনা যায়। বদলেছে শুধু মাধ্যম ও যোগাযোগের ধরন; পুরোনো দিনের চিঠি বা ফোনের জায়গা নিয়েছে এসএমএস, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের বার্তা। তাঁর মতে, শ্রোতা হারিয়ে যায়নি, বরং অনুষ্ঠানের পাতা জুড়ে আজও জমছে হাজারো বার্তা ও আবেগ।

প্রশাসনিক চেয়ার নয়, মাইক্রোফোনেই স্বস্তি
কর্মজীবনে পিপলস রেডিও কিংবা ঢাকা এফএমে প্রোগ্রাম হেডের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও প্রশাসনিক চেয়ার বা ‘বস’ হওয়ার মোহ তাঁকে কখনোই সেভাবে টানেনি। তাঁর আসল টান মাইক্রোফোনের সামনে, শ্রোতাদের সঙ্গে সরাসরি গল্প করার মাঝে। এখন হয়তো সপ্তাহে দু-তিন দিন কাজ করেন, তবু রেডিও ছাড়ার কোনো ইচ্ছা নেই। যত দিন শরীরে শক্তি থাকবে এবং রেডিও থাকবে, তত দিন কণ্ঠের জাদুতে শ্রোতাদের সঙ্গী হয়ে থাকার প্রত্যয়ই ব্যক্ত করেছেন এই অভিজ্ঞ আরজে।

রেডিও ফুর্তির একটি শো থেকেই তাঁর নিজ মেয়ের নাম 'রুপকথা' রাখা হয় পরবর্তীতে। আহা কি উন্মাদনা। সময়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.