Sylhet Today 24 PRINT

দুরন্ত ছুটছে ‘কাপুর অ্যান্ড সন্স’

বিনোদন ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৬

হোলির উৎসবের আমেজে দুর্দান্ত গতিতে বক্স অফিস মাতিয়ে রেখেছে ‘কাপুর অ্যান্ড সন্স’।

প্রথম সপ্তাহটা জমজমাট কাটানোর পর গতি কমে যায় অনেক সিনেমারই। কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরো দ্রুত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং ফাওয়াদ খান অভিনীত ‘কাপুর অ্যান্ড সন্স’।

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডের মতে শকুন বাত্রা পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটি হোলির মৌসুমে দর্শকের মনে ভালোভাবেই জায়গা করে নিয়েছে।

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, মুক্তির মাত্র ৫ দিনের মধ্যে ৩৫ কোটি ৯৩ লাখ রুপি আয় করেছে ‘কাপুর অ্যান্ড সন্স’। এর মধ্যে রবিবার ভারতে সাপ্তাহিক ছুটির দিনে আয় ছিল সবচেয়ে বেশি, ১১ কোটি ৭৫ লাখ রুপি। তবে ছুটি শেষে সপ্তাহের প্রথম দিনেও সন্তোষজনক আয় করে প্রথম সপ্তাহ সফলভাবে পার করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সিনেমাটি।

‘কাপুর অ্যান্ড সন্স’- এর গল্প গড়ে উঠেছে এক পরিবারকে ঘিরে, দীর্ঘ ৫ বছর পর যাদের পুনর্মিলন হয় পরিবারের সবচেয়ে জেষ্ঠ্য সদস্য অসুস্থ হয়ে পড়ায়। সিনেমায় আরো অভিনয় করেছেন ঋষি কাপুর, রজত কাপুর এবং রত্না পাঠক শাহ।

১৮ মাচর্ বিশ্বজুড়ে ১৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.