Sylhet Today 24 PRINT

নৈশভোজে কেট-উইলিয়ামের সঙ্গে বলিউড তারকারা

বিনোদন ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৬

ভারত সফরে বলিউড তারকাদের সঙ্গে এক নৈশভোজে অংশ নিলেন ব্রিটিশ রাজদম্পতি ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।

রোববার মুম্বাইয়ে আয়োজিত বিলাসবহুল ওই নৈশভোজে বলিউডের নামীদামী তারকারা একসঙ্গে হয়েছিলেন ব্রিটিশ রাজদম্পতিকে অভ্যর্থনা জানাতে।

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা।

অনিল কাপুর, সোনম কাপুর, অর্জুন কাপুর, আলিয়া ভাট, ঋষি কাপুর ও নিতু সিংকেও সেই নৈশভোজে দেখা গেছে।

ডিউক ও ডাচেস অব কেমব্রিজ ওই রাতে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন।

এনিয়ে শাহরুখ খান এক টুইট বার্তায় বলেন, 'ভীষণ অমায়িক। আজকের রাতটি রাজা ও রানির এবং এ রাতটি 'নাইট'-এর। আশা করি, সব রাতই এমন হোক।'

অনুষ্ঠানের এক পর্যায়ে শংকর মহাদেবন তার সুরের মূর্ছনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এরপর নাচ পরিবেশন করেন কোরিওগ্রাফার শিয়ামাক ডাভার।

নৈশভোজে আরও অংশ নিয়েছিলেন ফারহান আখতার, জ্যাকুলিন ফারনান্দেজ, অর্জুন কাপুর,পারিনিতি চোপড়া, কানিকা কাপুরের মতো জনপ্রিয় তারকারা।

নৈশভোজে অংশ নেওয়া মাধুরী দীক্ষিত এক টুইট বার্তায় উচ্ছাস প্রকাশ করে বলেন, রাজদম্পতি উইলিয়াম এবং কেইটের সঙ্গে সাক্ষাৎ ছিল সত্যিই চমৎকার অভিজ্ঞতা। তারা খুবই উদার এবং বিনয়ী। সূত্র: এনডিটিভি, হ্যালোম্যাগাজিন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.