Sylhet Today 24 PRINT

পোস্টার হাতে রাস্তায় শুভ-তিশা

বিনোদন ডেস্ক |  ০৩ মে, ২০১৬

রাস্তায় রাস্তায় পোস্টার বিলি করছেন জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তিশা। বৃষ্টি মাথায় নিয়ে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরেছেন তারা। টিএসসি, মধুর ক্যান্টিন, সংসদ ভবন এলাকায় পোস্টার বিলি করেছেন। ভাবছেন কোন সিনেমার শুটিং?

নাহ! শুটিংয়ে নয়, সিনেমার প্রচারণার কাজে রাস্তায় নেমেছেন তারা। মুক্তির প্রতিক্ষায় থাকা অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমার প্রচারণায় নেমেছেন তারা। পথচারীদের হাতে অস্তিত্ব সিনেমার পোস্টার ধরিয়ে দিচ্ছেন। ভক্তরাও প্রিয় দুই শিল্পীকে এতোটা কাছে পাবেন কস্মিৎকালেও ভাবেননি। তাই ভক্তদের উচ্ছ্বাস ছিলো দেখার মতো। প্রিয় তারকার সঙ্গে প্রিয় মুহুর্ত্য ফ্রেমবন্দি করতে ভোলেনি কেউ। স্মরণকালের ইতিহাসে নায়ক-নায়িকাদের রাস্তাঘাটে দেখা যায়নি।

অভিনব এ প্রচারণার ধারণাটি কিভাবে পেলেন? অনন্য মামুন জানালেন, ‘কনসেপ্টটা শুভর দেয়া। সে বললো, ভাই শাহরুখ খান যদি তার সিনেমায় প্রচারণার জন্য মার্কেটে মার্কেটে ঘুরতে পারে তাহলে আমরা পারবো না কেন? সত্যি বলতে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবোনা। প্রত্যেকটা ছবির শুটিং অফ করে প্রচন্ড গরম মাথায় নিয়ে ওরা রাস্তায় পোস্টার বিলি করছেন। আমিও এটা স্বপ্নেও ভাবিনি।’

উল্লেখ্য,  ৬ মে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে শুভ-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মামুন নিজেই। ইতিমধ্যে এর গানগুলো দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.