Sylhet Today 24 PRINT

সিলেট থেকে শুরু হচ্ছে ‘চল পালাই’

বিনোদন ডেস্ক |  ২২ মে, ২০১৬

তমা মির্জা, শিপন ও শাহরিয়াজকে নিয়ে দেবাশীষ বিশ্বাসের নতুন ছবি ‘চল পালাই’। শনিবার থেকে রাঙামাটিতে শুটিং শুরু হওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। নতুন তারিখ হিসেবে ৫ জুন শুরু হচ্ছে ‘চল পালাই’। তাছাড়া লোকেশনেও এসেছে পরিবর্তন।

দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় নতুন ছবি ‘চল পালাই’। কথা ছিলো ২১ মে থেকে রাঙামাটিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। তারপর বান্দরবান, সাজেক ভ্যালিসহ বিভিন্ন মনোরম লোকেশনে চলবে চিত্রধারণের কাজ। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তে এসেছে পরিবর্তন। রাঙামাটির পরিবর্তে সিলেট থেকে শুরু হচ্ছে  ‘চল পালাই’ ছবির চিত্রধারণের কাজ।

পরিচালক দেবাশীষ বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে। রাঙামাটির পরিবর্তে সিলেট থেকে শুটিং শুরু করছি।’

‘চল পালাই’ ছবির গল্পে দেখা যাবে, প্রেমিক তার প্রেমিকাকে ছিনিয়ে নেয় তার বাবার কাছ থেকে। তারপর ভিলেন প্রেমিকাকে ছিনিয়ে নেয় প্রেমিকের কাছ থেকে। এভাবেই এগিয়ে গেছে চলচ্চিত্রের কাহিনি।

ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানি। সুস্ময় সুমনের গল্প ও সংলাপে এতে আরো রয়েছেন সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ।

লাইভ এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মাণাধীন ‘চল পালাই’ ছবির গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজনে রয়েছেন ইমন সাহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.