Sylhet Today 24 PRINT

‘পপ গুরু’ আজম খানকে স্মরণ করবে বামবা

বিনোদন ডেস্ক  |  ০৩ জুন, ২০১৬

৫ জুন বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃত 'পপ গুরু' ও মুক্তিযোদ্ধা  আজম খানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ভবনে 'স্মরণ অনুষ্ঠান' আয়োজন করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড’স অ্যাসোসিয়েশন (বামবা)।

এতে প্রধান অতিথি থাকবেন আজম খানের সহোদর সুরস্রষ্টা আলম খান। বিশেষ অতিথি হিসেবে আসবেন কবি আসাদ চৌধুরী ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর। এ ছাড়াও অংশ নেবেন বরেণ্য শিল্পীর পরিবার এবং বামবার সদস্যরা।

বামবার সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘আজম খান চলে গেলেও তিনি এখনও আমাদের হৃদয়ে আছেন, থাকবেন চিরকাল। তার জীবন কেমন ছিলো এবং আজও যে তা আছে সেটাই ভাগাভাগি করতে চাই আমরা।’

এদিকে বাবার স্মরণে বৈশাখী টেলিভিশনের ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো গাইবেন আজম খানের মেয়ে ইমা খান। এ ছাড়া থাকছে তাশমনি ও জিয়াউল হাসান পিয়ালের পরিবেশনা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে শুক্রবার (৩ জুন) রাত ১১টায়।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন আজম খান। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ জুন সকালে রাজধানী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.