Sylhet Today 24 PRINT

বাবা আজম খান স্মরণে গাইবেন মেয়ে ইমা

বিনোদন ডেস্ক |  ০৩ জুন, ২০১৬

বাবা আজম খানের মৃত্যুবার্ষিকীতে গান গাইবেন তাঁরই বড় মেয়ে ইমা খান। বাবার গাওয়া গানের পাশাপাশি নিজের লেখা ও সুরের গানও গাইবেন বলে জানান ইমা।
বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎ আজম খানের মৃত্যুবার্ষিকী ৫ জুন।

দীর্ঘ রোগভোগের পর ২০১১ সালে ওই দিনটিতে মারা যান তিনি। আজম খানের স্মরণে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে গান গাইবেন ইমা খান। অনুষ্ঠানে আরও গাইবেন তাশমনি ও পিয়াল।

ইমা খান বলেন, ‘বাবা চাইতেন আমি যেন গান করি। তিনি আমাকে হাতে ধরে গিটার বাজানোও শিখিয়েছেন। শুধু তা–ই নয়, ছোটবেলায় আমাকে নাচ আর গানের স্কুলেও ভর্তি করে দিয়েছিলেন। কিছুদিন চাচির সংগীতশিক্ষা প্রতিষ্ঠান অনামিকা সেন্টারে গানের তালিম নিয়েছি। বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমার নিজের লেখা ও সুরে একটি দেশের গান রেকর্ড করে বাবাকে শুনিয়েছিলাম। সেদিন আমার কণ্ঠে গান শুনে বাবা খুশি হয়েছিলেন। আমি বাবাকে পা ছুঁয়ে সালাম করেছিলাম। বাবা সেদিন আমাকে অনেক দোয়া করেন। দুঃখ হচ্ছে, আমার গান টিভিতে প্রচারের সময় বাবা নিজে দেখে যেতে পারেননি।’

ইমা খান আরও বলেন, ‘বাবা মারা যাওয়ার পর কয়েকটি টেলিভিশন চ্যানেলে আমার দুটি গান প্রচারিত হয়েছে। একটি বাচ্চাদের নিয়ে আর অন্যটি দেশাত্মবোধক গান। আমার খুব ইচ্ছে বাচ্চাদের নিয়ে আরও কিছু গান করার। দেখা যাক, কী হয়।’
‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে আজম খানের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন ইমা খান ও অন্য শিল্পীরা। বৈশাখী টেলিভশনে কাল শুক্রবার রাত ১১টায় দেখানো হবে ‘সময় কাটুক গানে গানে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.