Sylhet Today 24 PRINT

অতিরিক্ত ব্যথানাশক প্রয়োগেই পপতারকা প্রিন্সের মৃত্যু

অনলাইন ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

মার্কিন পপতারকা, সুরকার ও সফল সঙ্গীত রচয়িতা প্রিন্সের মৃত্যু হয়েছে ব্যথানাশক ওষুধের অতিরিক্ত প্রয়োগে-এমনটা জানিয়েছেন চিকিৎসকেরা।

তারা বলছেন, ফেন্টানিল নামের সিনথেটিক একটি ওষুধের অতিরিক্ত প্রয়োগ হয়েছিল প্রিন্সের শরীরে। এই ওষুধটি হেরোইনের চেয়েও ৫০ গুণ বেশি শক্তিশালী। সাধারণত কোনো সার্জারির পরে এই ওষুধ খেতে বলা হয়। খবর বিবিসির

প্রিন্সের মৃত্যুর প্রায় মাসখানেক পর যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিডওয়েস্ট মেডিকেল পরীক্ষক কার্যালয় থেকে প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা গেল।

গোয়েন্দারা ইতোমধ্যে একজন চিকিৎসককে প্রিন্সের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। ৫৭ বছর বয়সী ওই চিকিৎসক প্রিন্সকে সপ্তাহে দু'বার দেখতেন।

পপতারকা প্রিন্স সুরকার ও সফল সঙ্গীত রচয়িতাও ছিলেন। তিনি ৩০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন।

গত মাসেই মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত প্রয়োগে প্রিন্সের মৃত্যু হয়েছে ও সেটি ব্যবস্থাপত্র ছাড়া কেনাও যায় না। প্রিন্সের কাছে ওষুধটি ছিল বলেও প্রতিবেদনে বলা হয়েছিল।

পুলিশের তথ্য অনুযাী, ড. মিশায়েল শুলেনবার্গ পপতারকা প্রিন্সকে ২০ এপ্রিল ফেন্টানিল গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন।

ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্রিন্স নিজ উদ্যোগে ফেন্টানিল গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পেইসলি পার্ক স্টুডিওয়ের একটি লিফটের ভেতরে গায়ক প্রিন্সের নিঃসাড় দেহ পড়ে থাকতে দেখা যায়। তার মৃত্যুর পর সারা দুনিয়া থেকে তার ভক্তরা শোক, সমবেদনা ও শ্রদ্ধা জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.