Sylhet Today 24 PRINT

আসছে জয়ার নতুন ছবি ‘ভালোবাসার শহর: দ্য সিটি অব লাভ’

বিনোদন ডেস্ক |  ১১ জুন, ২০১৬

'রাজকাহিনী' ছবিতে অভিনয়ের পর বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এখন ওপার বাংলায়ও তুমুল জনপ্রিয়। এবার টালিউডে মু্ক্তি পেতে যাচ্ছে জয়ার প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ভালোবাসার শহর: দ্য সিটি অব লাভ’। আসন্ন ঈদে ইউটিউবে মুক্তি পাবে ছবিটি।

ফড়িং-এর সাফল্যের পর এই স্বল্পদৈর্ঘ্য ছবি বানালেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। জয়ার সঙ্গে ছবিতে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনি সরকার, অরুণ মুখোপাধ্যায়। ছবির দৈর্ঘ্য মাত্র ২০ মিনিট।

জয়া জানান, “কিছু কাজ থাকে, যেটা আসলে সৃষ্টিশীল। বাণিজ্য কিংবা শিল্পমানকেও ছাপিয়ে যায়। যাকে আমি বলি, জীবনের জন্য শিল্প। কিছু থাকে আবার শিল্পের জন্য শিল্প। যা সচরাচরই করছি। হচ্ছেও চারপাশে। এবারের কাজটা তেমন কিছু নয়। এটি করেছি সব কিছুর ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে, মানবিক দায়বদ্ধতা থেকে। সোজা ভাষায় কাজটি আমার জীবনের জন্য করা।’

মুক্তির আগে বৃহস্পতিবার রিলিজ করা হয়েছে ছবির ডিজিটাল পোস্টার।

কী নিয়ে এগিয়েছে ছবির গল্প? জয়া জানালেন, “গল্পটা এখনই বলতে পারলে হালকা লাগতো আমার। কিন্তু বলে মজাটা নষ্ট করতে চাই না।” 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.