Sylhet Today 24 PRINT

শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ

বিনোদন ডেস্ক |  ১৩ জুন, ২০১৬

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছেন পরিচালক তপু খান। এর আগেও বেশ কয়েকজন পরিচালক শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ করেছিলেন।
  
এ বিষয়ে পরিচালক তপু খান বলেন, ‘আমি এক মাস আগে শখের কাছ থেকে একটি নাটকের শিডিউল নিয়েছিলাম। একই নাটকের জন্য চিত্রনায়ক রিয়াজ ভাইয়েরও শিডিউল নিয়েছি। নির্ধারিত সময় অনুযায়ী শুটিং আজ এবং আগামীকাল হওয়ার কথা ছিল। কিন্তু ১১ জুন রাত পৌনে ১১টার সময় শখ আমাকে ফোন করে জানিয়েছেন তিনি দুদিন নয়, একদিন শুটিং করতে পারবেন। কারণ তিনি অন্য নাটকের শুটিংয়ের ডেট আমাকে না জানিয়ে একই দিনে অন্য পরিচালককে দিয়েছেন। ' 
  
তপু খান বলেন, 'একদিনে তো একটা নাটকের শুটিং শেষ করা অসম্ভব। এছাড়া এরই মধ্যে নাটকের পোস্ট প্রোডাকশনের জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে। শখের এ ধরনের আচরণ আমি কোনোভাবে মেনে নিতে পারছি না।’  
  
এ বিষয়ে সত্যতা জানতে শখের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। যদিও শখের শিডিউল ফাঁসানো এটাই প্রথম নয়। এর আগেও তিনি বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা দিয়েও শুটিংয়ে যাননি বলে অভিযোগ এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.