Sylhet Today 24 PRINT

সালমানের বিয়ের ঘোষণায় হাসিঠাট্টা অন্য তারকাদের

বিনোদন ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৬

সালমান খানের বিয়ের বিষয়টি বলিউডের একটি নিয়মিত গুজব হিসেবে স্বীকৃত। কখনো সালমান, কখনো কোনো সূত্র, কখনো কোনো পরিচিতজন বা সময়ে সময়ে একেক নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে- নানাভাবেই বারবার প্রচার হচ্ছে সালমানের বিয়ের খবর। তবে এবার সবাইকে চমকে দিয়েছেন সালমান, ঘোষণা করেছেন বিয়ের তারিখ। তিনি নাকি ১৮ নভেম্বর বিয়ে করতে চলেছেন! তবে এ কথাও বিশ্বাস করছেন না বলিউডে সালমানের বহু ঘনিষ্ঠজনই।

জুম টিভির একটি প্রতিবেদনে দেখা যায়, সালমানের ঘোষিত বিয়ের তারিখ নিয়ে তাঁর কাছের মানুষজনই হাসিঠাট্টা করছেন। নিজেদের মধ্যে খাতির যতই থাকুক, সালমানের বিয়ের ঘোষণাকে ‘বাস্তব’ হিসেবে মেনে নিতে একেবারেই নারাজ এই পোড় খাওয়া তারকারা।

শিল্পা শেঠিকে জিজ্ঞাসা করা হয় এ বিষয়ে। ঘনিষ্ঠ বন্ধু সালমান যেহেতু ১৮ নভেম্বর বিয়ে করছেন বলে ঘোষণা করেছেন, এ বিষয়ে তাঁর মন্তব্য কী? তিনি কি কোনো শুভকামনা জানাতে চান সালমানকে? উত্তরে একগাল হাসি দিয়ে শিল্পা বললেন, ‘কোন বছরের ১৮ নভেম্বর?’ প্রশ্নকর্তাকে আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই হাসতে হাসতে এগিয়ে যান শিল্পা।

বরুণ ধাওয়ান সালমানকে রীতিমতো গুরু মানেন। কাজেই না বুঝে গুরুর বিষয়ে কোনো বেফাঁস কথা তো তিনি বলবেন না। ‘ঢিশুম’ ছবির প্রচারণায় এখন বরুণ ও জন আব্রাহাম দুজনেই ব্যস্ত। এরই মধ্যে সালমানের বিয়ে-প্রসঙ্গ। জন বিড়বিড় করে একটু দ্বিধান্বিত হয়ে বললেন, ‘১৮ নভেম্বর?’ বরুণ তখনই মুখ টিপে হেসে বললেন, ‘উনি তো সালের ব্যাপারটা বলেননি, তাই না?’ তারপরেই আবারও হাসির রোল পড়ে যায়।

লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক এখন মিডিয়ার চোখে বেশ পাকাপোক্ত। সম্প্রতি সালমান নিজেই গণমাধ্যমের সামনে বলেছেন, ১৮ নভেম্বর বিয়ে করছেন তিনি। তবে এ কথাও ঠিক, কোনো সালের কথা কিন্তু তিনি বলেননি!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.