Sylhet Today 24 PRINT

আমি নিখোঁজ নই, ওই নারী আমার স্ত্রী নন : ফখরুল হাসান বৈরাগী

বিনোদন ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

গণমাধ্যমে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদকে ‘উদ্দেশ্যমূলক’ বলে দাবি করেছেন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। পাশাপাশি যিনি তাঁর স্ত্রী পরিচয়ে এ সংবাদ গণমাধ্যমকে দিয়েছেন, তাকেও স্ত্রী হিসাবে অস্বীকার করেছেন তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলাবাগান থানা পুলিশের সহায়তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এসে গণমাধ্যমকর্মীদের কাছে এসব তথ্য জানান এ অভিনেতা।

তবে ওই নারীর (রাজিয়া হাসান) সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে থাকার কথা স্বীকার করেছেন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। তিনি বলেন, "আমি নিজের ইচ্ছায়, স্বজ্ঞানে আমার আগের সংসারে চলে এসেছি। রাজিয়া হাসান নামে যে নারী আমার স্ত্রী পরিচয় দিয়ে এই খবর প্রকাশ করেছে, সে আমার স্ত্রী নয়। বর্তমানে তার সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। আমি ধারণা করছি সে আমার ক্ষতি করতে পারে।"

বৈরাগী বলেন, "গত পরশুদিন আমি শুনি অনলাইনে আমার নিখোঁজের খবর দেওয়া হয়েছে। তাই মনে করছি এটার প্রতিবাদ জানানো দরকার। যেহেতু এটি পারিবারিক ব্যাপার তাই আমি কাউকে জানানো দরকার মনে করিনি। আত্মীয়-স্বজনকেও সেভাবে জানাইনি। কাল পত্রিকায়ও দেখলাম আমি নিখোঁজ রয়েছি বলে খবর প্রকাশ হচ্ছে। তাই আমি মনে করলাম এটার সমাপ্তি হওয়া দরকার। আমি নিখোঁজ নই, পরিবারের সঙ্গে আছি।"

তিনি বলেন, "সে (রাজিয়া হাসান) দাবি করেছে সে আমার স্ত্রী, তবে সেরকম কোনও রেকর্ড নেই। আমি তার সঙ্গে মোহাম্মদপুরে ছিলাম। আমার সেখানে একটি ছেলেও আছে। আর একটি পালক মেয়ে আছে। কিন্তু, মান-অপমান সহ্য করে আমি আর থাকতে পারিনি। এরপর আমি আমার আগের সংসারের ছোট ছেলেকে ফোন দিই। আমি জানাই তাদের সঙ্গে থাকতে চাই। এরপর ছোট ছেলে আমাকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নিয়ে যায়। আমার দুই ছেলে কেরানীগঞ্জের আঁটিবাজারে থাকে।"

রাজিয়া হাসানের সঙ্গে আর থাকতে চান না জানিয়ে ফখরুল ইসলাম বৈরাগী বলেন, "এই বয়সে আর তার (রাজিয়া হাসান) সঙ্গে থাকতে চাই না। আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবে, আমি আমার এই দুই ছেলের সঙ্গেই থাকতে চাই। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রাজিয়া হাসান জোর করে আমার ছেলেদের আলাদা করে দেয়। এরপর থেকে আমি তার সঙ্গেই ছিলাম।"

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, "অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী রাজিয়া হাসান গত দেড়মাস ধরে তার নিখোঁজ থাকার যে বিষয়টি জানিয়েছেন, তা সঠিক নয়। ফখরুল হাসান নিজেই আমাদের জানিয়েছেন তিনি নিজের ছেলের বাসায় ছিলেন। রাজিয়া হাসানও তার স্ত্রী নন।"

প্রসঙ্গত, অভিনেতা ফখরুল হাসান বৈরাগী গত দেড়মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে জানান তার স্ত্রী হিসাবে পরিচয় দানকারী রাজিয়া হাসান নামে এক নারী। বোনদের সঙ্গে সম্পত্তির দ্বন্দ্বের কারণে বৈরাগী নিখোঁজ হতে পারেন বলে তখন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরির (জিডি) কথা বললেও তিনি কোন থানায় জিডি করেছেন তা সাংবাদিকদের জানাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.