Sylhet Today 24 PRINT

রণবীরের সঙ্গে যৌনদৃশ্য অশালীন নয়, যথেষ্ট ধ্রুপদী: ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৬

অবশেষে মুখ খুললেন তিনি! বচ্চন-বউমার সত্তা ছেড়ে সামনে এল তার নায়িকা-সত্তা। যখন খবর আসে সেন্সর বোর্ড অমিতাভ বচ্চনের নির্দেশেই কেটে দিয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া ও রণবীরের সব অন্তরঙ্গ দৃশ্য।

জলঘোলা শুরু হয় তখন থেকেই! তারপর গুজবের বারুদের সলতেয় আগুন ধরিয়ে দেয় ফিল্মফেয়ার পত্রিকায় প্রকাশিত ঐশ্বর্য ও রণবীরের অন্তরঙ্গ ফটোশুট!

সাকুল্যে ৬টি ছবি, যেখানে আলতো ছোঁওয়া আর চোখের চাহনিতে ঘনিষ্ঠতার আলাদা এক সংজ্ঞা তৈরি করেন তারা।

এত দিনে সেই আগুন সলতের পুরোটা পুড়িয়ে যেন বারুদ ছুঁল! ক্ষোভে ফেটে পড়লেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খুলে দিলেন মনের দরজা। বেরিয়ে এল জমতে থাকা অভিমান, না-বলা কথা!

ভারতের সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, ঐশ্বরিয়া বলেছেন, ‘রণবীর কাপুরের সঙ্গে আমার যৌনদৃশ্য নিয়ে এত জলঘোলা কেন? দরকার ছিল বলেই দৃশ্যগুলো শুট করা হয়েছিল। শুধু সুড়সুড়ি দেওয়ার জন্য চিত্রনাট্যে রাখা হয়নি!’ আরও একধাপ এগিয়ে নায়িকা জানিয়েছেন, ‘যৌনদৃশ্যগুলোর মধ্যে অশালীন কিছু তো ছিল না। যথেষ্ট ধ্রুপদী দৃষ্টিভঙ্গী নিয়েই তা ক্যামেরাবন্দি করা হয়েছে। তার পরে আপত্তি কেন?’ পাল্টা প্রশ্ন তার।

প্রয়োজন যে ছিল, সে কথা বলছে ছবির ট্রেলারই! এক যুবকের একতরফা প্রেমের জটিলতা কিছুটা হলেও স্বস্তি খুঁজে পায় বয়সে অনেকটাই বড় এক নারীর প্রেমে। সেই প্রেমে মন যেমন আছে, তেমনই আছে শরীর। কার্যত শরীর ছুঁয়েই সেই প্রেম তৈরি করতে থাকে স্মৃতির মুহূর্ত। ফলে, চিত্রনাট্যের সেই দাবি মেনে অন্তরঙ্গ দৃশ্যে ধরা দেন ঐশ্বরিয়া-রণবীর; যার একটিও বড়পর্দায় দেখা যাবে না। এটিই খারাপ লেগেছে নায়িকার!

ঐশ্বরিয়া আরও জানান, দৃশ্যগুলো শুট করতে তার কোনও অস্বস্তিই হয়নি! ‘কারণটা হলো করণ জোহরের সঙ্গে বন্ধুত্ব! করণ আর আমার মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে। সেই জায়গা থেকে ও জানে কতটা সীমা পেরোলে তা আমার পক্ষে অস্বস্তিকর হবে। সেটা সব সময়ই ওর মাথায় ছিল। আমারও তাই কোনও সমস্যা হয়নি,’ বলেন ঐশ্বরিয়া।

‘তাছাড়া আরও একটা ব্যাপার আছে। এত বছর ধরে কাজ করতে করতে আমি এখন যে চরিত্রে অভিনয় করছি, তাকে পুরোটাই বুঝতে পারি। তাকে চোখের সামনে দেখতে পাই। ফলে আমি জানি, অ্যায় দিল হ্যায় মুশকিল-এর চরিত্রটার চাহিদা বাস্তব জীবনে ঠিক কী হতে পারে! সেই জন্যও রণবীরের সঙ্গে যৌনদৃশ্যে অভিনয় নিয়ে আমার কোনও অস্বস্তি ছিল না! পেশাদার অভিনেত্রী হিসেবে যা থাকার কথাও নয়,' বলেন ঐশ্বরিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.