Sylhet Today 24 PRINT

বিপিএলে ফিরছেন শিনা চৌহান

বিনোদন ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৬

মূলত অভিনেত্রী। কিন্তু এদেশের মানুষের কাছে তার প্রথম পরিচয় উপস্থাপিকা। বিপিএল-এর উপস্থাপিকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে মাত করেছেন। ছিলেন দ্বিতীয় আসরেও। মাঝে ছেদ। চতুর্থ আসর দিয়ে ফিরছেন ভারতীয় অভিনেত্রী-মডেল শিনা চৌহান। মনোমুগ্ধকর উপস্থাপনার কারণে প্রথম দুই আসরেই দারুণ জনপ্রিয় হয়েছেন শিনা। তাই ক্রিকেট পাড়ায় সবার কাছ থেকেই দারুণ প্রশংসা পেয়েছিলেন তিনি।

কিন্তু পাঁচ বছরের চুক্তি থাকলেও মাত্র দুই বছর দায়িত্ব পালন করা শিনার সঙ্গে উপস্থাপনার চুক্তি বাতিল করে পামেলা ভাটুরিয়ার সঙ্গে নতুন চুক্তি করে চ্যানেল নাইন কর্তৃপক্ষ। গত আসরেই দায়িত্ব পালন করেন ভারতীয় এই অভিনেত্রী। যদিও তার সঙ্গে চতুর্থ আসরে আর চুক্তি বাড়ায়নি চ্যানেল নাইন কর্তৃপক্ষ।

শিনার সঙ্গে দেশীয় উপস্থাপিকা হিসেবে থাকছেন তৃতীয় আসরে উপস্থাপনা করা লাক্স সুন্দরী আমব্রিন। তবে হঠাৎ করেই ফাইনালের আগে বাদ দেওয়া হয়েছিল পামেলা ও আমব্রিনকে। এ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছিল চারদিকে। এ আসরে পামেলা না ফিরলেও শিনার সঙ্গে ফিরছেন আমব্রিন।

চ্যানেল নাইনের হেড অব প্রোগ্রাম তানভীর খান এ ব্যাপারে বলেন, ‘অনেক যাচাই-বাছাইয়ের পরই আমরা অনুষ্ঠান সঞ্চালক হিসেবে শিনা ও আমব্রিনকে বাছাই করেছি।’
মুম্বাইয়ের বাসিন্দা শিনা বাংলাদেশে উপস্থাপনা দিয়ে শুরু করলেও তিনি ভারতীয় চলচ্চিত্রে একজন অভিনেত্রী হিসেবে পরিচিত। এর আগে ভারতের মালয়ালাম ছবি 'দ্য ট্রেন' দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর বুদ্ধদেব দাশগুপ্তের 'মুক্তি' ও 'পত্রলেখা' নামের দুটি হিন্দি ছবিতে অভিনয় করেন। এছাড়া বাংলাদেশের ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে তিনি কাজ করেছেন নায়িকা হিসেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.