Sylhet Today 24 PRINT

অমিতাভ-জয়ার সংসারে দুরত্ব, থাকছেন আলাদা বাসায়

বিনোদন ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৭

দু’জন নাকি আলাদা থাকেন। দীর্ঘদিন একসঙ্গে ঘর করেন না অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির নেতা অমর সিংহ। তাঁর এই মন্তব্যের পর উত্তাল গোটা বলিউড। যদিও বিগ বি এবং জয়া এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্যই করেননি।

অমিতাভের সঙ্গে অমর সিংহের গলায় গলায় বন্ধুত্ব এখন অতীত। শোনা যায়, সমাজবাদী পার্টির সঙ্গে অমিতাভ-জয়ার দূরত্ব বাড়ার অন্যতম কারণও এই অমর সিংহই। এত দিন তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি একটি  সংবাদ মাধ্যমে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন এই রাজনীতিবিদ। অমর সিংহের দাবি, সমাজবাদী পার্টির সঙ্গে বচ্চন পরিবারের দূরত্বের কারণ মোটেই তিনি নন। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন একসঙ্গে থাকেন না অমিতাভ-জয়া। এক জন থাকেন ‘প্রতীক্ষায়’, অপর জন থাকেন ‘জনক’ নামের অন্য আর একটি বাংলোয়। এমনকী, তাঁর সঙ্গে অমিতাভের যখন দেখা হয়, তার অনেক আগে থেকেই বিগ বি এবং জয়া আলাদা থাকতেন, এমনই দাবি এই রাজনীতিবিদের। অমর সিংহকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হতেই শুরু হয়েছে বিতর্ক।

জয়া ও তাঁর পুত্রবধূ ঐশ্বর্যার মধ্যেও নাকি সম্পর্ক তেমন ভাল নয় বলে জল্পনা। এই ঘটনার পিছনেও অমর সিংহের হাত থাকতে পারে বলে দাবি অনেকের। সে দাবি খারিজ করে অমর বলেন, “এতে আমার কোনও দায় নেই।’’ তবে অমর সিংহের অমিতাভ-জয়া সম্পর্কে এই দাবিতে কতটা সত্যতা রয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে অমিতাভ ও জয়া এখনো কোনো মন্তব্য করেননি। পারিবারিক ও রাজনৈতিক বন্ধু অমর সিংহের এই দাবির সত্যতা কতটুকু তা জানতে অমিতাভ ও জয়ার মন্তব্যের অপেক্ষায় থাকতে হবে তাঁর ভক্তদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.