Sylhet Today 24 PRINT

ববিতার বাসায় চুরি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশের চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেত্রী ববিতার বাসায় চুরি হয়েছে। মূল্যবান জিনিসপত্র, টাকা আর গহনাসহ ১০ লাখ টাকার মতো তার বাসা থেকে চুরি হয়েছে। এ ব্যাপারে ববিতা জানান, রোববার চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার বাসার কাজের মেয়ে এসব মূল্যবান জিনিসপত্র ও টাকা চুরি করে পালিয়েছে।

এই অভিনেত্রী জানান, পিংকি ও ইয়াসমিন নামে দুই কাজের মেয়ে ৬ মাস ধরে তার বাসায় কাজ করছিল। চলতি মাসের এক তারিখ পিংকি বিকাশে বেতনের টাকা বাড়িতে পাঠানোর কথা বলে ইয়াসমিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি।

ববিতা বলেন, ‘পিংকির বাড়ি সিরাজগঞ্জের দত্তবাড়ী আর ইয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জ। মেয়ে দুটি পালিয়ে যাওয়ার পর গহনা, টাকা এবং মূল্যবান জিনিসপত্র খুঁজে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘পরিকল্পিতভাবে মেয়ে দুটি আমার ঘরের জিনিসপত্র চুরি করে পালিয়েছে কদিন আগে। আমি তাদের গ্রামের বাড়িতে লোক পাঠিয়েছি। উপায় না পেলে থানায় জিডি করবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.