Sylhet Today 24 PRINT

ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রের ব্যাপারে আপত্তি জানিয়ে সেন্সর বোর্ডকে শাওনের চিঠি

বিনোদন ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘ডুব’ সম্প্রতি চলচ্চিত্র প্রিভিউ কমিটিতে জমা পড়েছে। ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার অনুরোধ জানিয়ে সেন্সরবোর্ডকে একটি চিঠি দিয়েছেন নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

গত ১৩ ফেব্রুয়ারি সেন্সরবোর্ডে এ চিঠি জমা দেন শাওন।

শাওনের অভিযোগ, কিংবদন্তি নির্মাতা-সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমাটির চিত্রনাট্য সাজানো হয়েছে। এতে হ‌ুমায়ূন আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মানহানি ঘটতে পারে।

চিঠির দেওয়া প্রসঙ্গে শাওন বলেন, আমি একটি চিঠি জমা দিয়েছি সেন্সরবোর্ডে। তবে ছবিটি বন্ধ করার বিষয়ে ওই চিঠিতে আমার কোনও বক্তব্য ছিলো না। কারণ আমি বন্ধ করার কেউ নই। আমি শুধু আমার আপত্তির বিষয়গুলো তুলে ধরেছি সম্মানিত সেন্সবোর্ডের সদস্যদের সামনে।

তিনি বলেন, চিঠিতে আমি স্পষ্ট ভাষায় বলেছি, ছবিটিতে যদি হ‌ুমায়ূন আহমেদ ও তাঁর পরিবারের কোনও সদস্যদের বাস্তব জীবনের ছায়া কিংবা কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়, তাহলে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারণ, ছবিটির পরিচালক-প্রযোজক হ‌ুমায়ূন আহমেদের পরিবারের কোনও সদস্যরে অনুমতি ছাড়াই এটি নির্মাণ করেছেন। এই ছবির যে উপজীব্য বিষয়ের কথা শোনা যাচ্ছে, সেটি অত্যন্ত আপত্তিকর এবং বিভ্রান্তিকর বলেই মনে হচ্ছে আমার। ফলে সেন্সরবোর্ডের আইনের ধারা ধরেই ছবিটি ছাড়পত্রের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি বোর্ডকে।

জানা গেছে, যৌথ প্রযোজনার এই সিনেমায় বলিউডের খ্যাতনামা অভিনেতা ইরফান খান অভিনয় করছেন হ‌ুমায়ূন আহমেদের চরিত্রে। এছাড়াও মেহের আফরোজ শাওন এর চরিত্রে ভারতের পার্ণো মিত্র, গুলতেকিন খান এর চরিত্রে বাংলাদেশের রোকেয়া প্রাচী এবং শীলা আহমেদের চরিত্রে তিশা অভিনয় করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.