Sylhet Today 24 PRINT

জোলির সঙ্গে অভিনয়ে রোনালদো

বিনোদন ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

ফুটবলে তিনি বিশ্বসেরাদের একজন। বল পায়ে মাঠ মাতাতে তার জুড়ি নেই। ফুটবল মাতানো ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নিজের অভিনয় দিয়ে মাতাতে যাচ্ছেন টেলিভিশন দর্শক। তুরস্কের একটি টিভি সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিরিজে তার সঙ্গে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

সিরিজটির নাম ‘হায়াত কোপরুসু’। সব ঠিক থাকলে আসছে এপ্রিলের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হবে। সিরিজে সিরিয়ান শরণার্থীদের ওপর আলোকপাত করা হবে। তুরস্কসহ মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে সিরিজটি দেখানো হবে।

তুরস্কের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ‘হায়াত কোপরুসু’র পরিচালক আইয়ূপ দিরলিক বলেন, সিরিজটির গল্প গড়ে উঠেছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার একটি পরিবারকে কেন্দ্র করে। সেখানে ওই পরিবারের দুর্দশা তুলে ধরা হবে। শুটিং হবে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ান সীমান্তে। রোনালদো-জোলি ছাড়াও এতে বিখ্যাত লেবানিজ পপ শিল্পী ন্যান্সি আজরাম অভিনয় করবেন।

সিরিজে সিআরসেভেন এর ভূমিকা কি হবে? তিনি কি জোলির নায়ক হয়ে অভিনয় করবেন? তার উপস্থিতিই বা কতক্ষণের হবে? এতোসব প্রশ্ন জাগলেও এসব ব্যাপারে এখনো খোলাসা করে কিছু বলেননি আইয়ূপ।

এর আগে ২০১৫ সালে রিয়ালের পর্তুগিজ উইঙ্গারকে নিয়ে প্রামাণ্যচিত্র (রোনালদো) তৈরি করেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক অ্যান্থনি ওঙ্কে। এতে কিছু অংশে অভিনয় করেন ৪ বারের ফিফা ব্যালন ডি’অর জয়ী। এছাড়া কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন এই ফুটবল সুপারস্টার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.