Sylhet Today 24 PRINT

এবার ‘ডুব’ নিয়ে মুখ খুললেন ইরফান খান

বিনোদন ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৭

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র 'ডুব'। সম্প্রতি ছবিটি সেন্সরে যাওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। সিনেমাটি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা। এ বিতর্কে এবার যোগ দিলেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।

এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে।

ইরফান খান বলেন, আমি এই সিদ্ধান্তে আশ্চর্য হয়েছি। সিনেমাটি মানুষের আবেগকে কেন্দ্র করে, একজন পুরুষ ও নারীর মধ্যে সম্পর্ক নিয়ে তৈরি। একটি সিনেমা কী করে সমাজের ক্ষতির কারণ হয়?

'ডুব' সিনেমায় ইরফান খানের চরিত্রের নাম জাভেদ হাসান। ছবিতে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করছেন ইরফান, যেখানে তার স্ত্রীকে ছেড়ে একজন অভিনেত্রীকে বিয়ে করেন তিনি। যে অভিনেত্রীকে তিনি বিয়ে করেন, সে তার মেয়ের বান্ধবী। যা অনেকটা বাংলাদেশের খ্যাতনামা লেখক-নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায় বলে অভিযোগ উঠেছে।

যৌথ চলচ্চিত্রের নীতিমালা মেনে গত ১২ ফেব্রুয়ারি প্রিভিউ কমিটির কাছে জমা দেওয়া হয় সিনেমাটি। প্রিভিউ শেষে গত ১৫ ফেব্রুয়ারি এক অনাপত্তিপত্রের মাধ্যমে ছবিটি ছাড় দেয় কমিটি। কিন্তু তার একদিন পরই গত ১৬ ফেব্রুয়ারি এক আদেশে অনাপত্তিপত্রটি স্থগিত করা হয়।

সিনেমাটি সেন্সর বোর্ডে জমা হওয়ার আগেই পরিচালক-অভিনেত্রী মেহের আফরোজ শাওন সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠিয়েছিলেন। শাওন সেন্সর বোর্ডে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানতে পারি, 'ডুব' সিনেমা জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে তৈরি করা হয়েছে। এবং এতে তাঁর পরিবারের কারো অনুমতি নেয়া হয়নি। তাই বিষয়টি সেন্সর বোর্ড কর্তৃপক্ষের নজরে নেয়ার অনুরোধ জানাচ্ছি।’

'ডুব' সিনেমায় অভিনয় করেছেন ভারতের ইরফান খান, পার্ণো মিত্র ও ব্রাত্য বসু। সাথে আছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.