বিনোদন ডেস্ক | ২০ মার্চ, ২০১৭
২৭ বছর পর ফের নতুন মুখের সন্ধানে নামছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) কর্তৃপক্ষ। এই আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, গত ১৮ ফেব্রুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতির মাসিক সভায় নতুন মুখের সন্ধানের উদ্যোগটি নতুন ভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। মার্চের প্রথম সপ্তাহে উদ্যোগটি শুরু করার কথা ছিল, কিন্তু এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। আগামী ২৬ মার্চ তিনি দেশে ফিরলে তার সঙ্গে কথা বলে কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, আগ্রহীদের পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) মধ্যে আবেদন করতে হবে।
১৯৮৩ সালে প্রথমবারের মতো এফডিসিতে শুরু হয় নতুন মুখের সন্ধানে। চলে ১৯৯০ সাল পর্যন্ত। ওই সময় ‘নতুন মুখের সন্ধানে’ আয়োজনের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে মান্না, দিতি, মিশা সওদাগর, আমিন খান, অমিত হাসানের মতো তারকাদের।