Sylhet Today 24 PRINT

জয়ার ছবিতে কালিকাপ্রসাদের গান

বিনোদন ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৭

কালিকাপ্রসাদের চলে যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি বাংলা গানের শ্রোতারা। তাঁর চলে যাওয়ার এক মাস না পেরোতেই শোনা গেল কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কণ্ঠে গাওয়া নতুন গান ‘বন্ধু তোর লাইগারে’। গানটি ইউটিউবে শোনা যাচ্ছে। এটি টালিগঞ্জের নতুন ছবি ‘বিসর্জন’-এর গান। তাতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।

বুধবার গানটি ইউটিউবে মুক্তি পায়। এটি মুক্তিপ্রতীক্ষিত ‘বিসর্জন’ ছবির প্রকাশিত প্রথম গান। গানে দেখা গেছে, ছবির দুই প্রধান অভিনয়শিল্পী জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়কে।

‘বিসর্জন’ পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। এটি ভারতে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।

উল্লেখ্য, ৭ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকগানের দল দোহারের গুণী শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তাঁর সুর করা গান সবশেষ শোনা গিয়েছিল ৩ মার্চ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের ছবি ‘ভুবনমাঝি’তে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.