Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘হরি বোল’

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০১৭

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এক নির্যাতিত নারীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘হরি বোল’। ছবিটি নির্মাণ করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এটা রেজা ঘটকের পরিচালনায় প্রথম চলচ্চিত্র।

চলচ্চিত্রটি নির্মাণ প্রক্রিয়ায় আছে টিম বলেশ্বর চলচ্চিত্র ফিল্ম ইউনিট।

জানা যায়, ‘হরি বোল’-এর শুটিং প্রায় ৭৫% ভাগ শেষ হয়েছে। আগামী বৈশাখ মাসে এ ছবির বাকি শুটিং শেষ হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতিত এক নারীর সত্য ঘটনা অবলম্বনে একজন তরুণ নির্মাতা একটি ছবি বানাতে গিয়ে একই গ্রামে আরো একটি নতুন গল্পের সন্ধান পান। ‘হরি বোল’ ছবিতে মূলত সেই গল্পের ভেতরের গল্পটি তুলে এনেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক।

এ ছবিতে বাংলাদেশের একটি সংখ্যালঘু প্রান্তিক পরিবারের সমাজ কর্তৃক নিপীড়নের চিত্র দেখা যাবে। যেখানে নিতাই ও পারু সেই নিপীড়নের শিকার। এক পর্যায়ে তাদের সংসারও ভেঙে যায়। পাশাপাশি সেই প্রান্তিক গ্রামের কৃষ্টি ও ঐতিহ্য ‘হরি বোল’ ছবিতে নানাভাবে ফুটে ওঠে।
 
‘হরি বোল’ ছবি'র লোকেশন পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায়। ফারাক্কা বাঁধের পর পদ্মা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় বলেশ্বর নদ ও তার শাখা-প্রশাখাগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। বলেশ্বর নদের তীরবর্তী জনপদের সেই দুঃখ-দুর্দশা, হতাশা-প্রত্যাশা, ভালোবাসা ও প্রচলিত জীবনযাপন ছবি'র প্রেক্ষাপট।

আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে ‘হরি বোল’ ছবি'র পোস্ট-প্রোডাকশন কাজ শেষ হবে বলে পরিচালক রেজা ঘটক জানিয়েছেন। 'ছবির প্রিমিয়ার শো হবে পিরোজপুরের সে গ্রামে। পরে ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

‘হরি বোল’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইকতারুল ইসলাম, কাজী ফয়সল, সেলিম হায়দার, নলিনী মণ্ডল, জাহিদ হোসেন, তৃপ্তি সরেন, রণজিৎ মণ্ডল, বিধান বিশ্বাস, প্রণব দাস, এমদাদ হাওলাদার, মনোজ মণ্ডল, সুনীল মণ্ডল, গৌতম, প্রেমানন্দ, শমেস, আকাশ, অনিক, উৎস, অমিত, বিদ্যুৎ, মহানন্দ, লংকেশ্বর, ববি, শিপুল, আরতী, বাসন্তি, নির্মল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.