Sylhet Today 24 PRINT

‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার আশ্বাস তথ্যমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৭

‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স কক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) জাতীয় চলচ্চিত্র সভায় তথ্যমন্ত্রী এ আশ্বাস দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী চলচ্চিত্রকর্মীদের আশ্বস্ত করে বলেন, ‘আমি অনুভব করছি জাতীয় চলচ্চিত্র কেন্দ্র বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ভীষণ প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান হতে পারে। আমরা নিশ্চয়ই খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আমাদের সম্মতি দেবেন।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর থেকে ফিরে আসার পর আমি শীঘ্রই এ বিষয়ে কথা বলবো এবং জাতীয় চলচ্চিত্র কেন্দ্র হবে।’

জাতীয় চলচ্চিত্র সভায় নায়করাজ রাজ্জাকের সভাপতিত্বে দেশের চলচ্চিত্র সংস্কৃতির গুণী চলচ্চিত্রকার, কলাকুশলী, গবেষক-সমালোচক-লেখক-চলচ্চিত্র শিক্ষক, দেশের সকল চলচ্চিত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এফএফএসবি’র আমন্ত্রণে এই সভায় দেশের প্রায় ৩৮টি চলচ্চিত্র সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় চলচ্চিত্র সভায় অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, মসিহউদ্দিন শাকের, নাসিরউদ্দিন ইউসুফ ও মোরশেদুল ইসলাম, হাশেম সূফী।

এছাড়াও অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান, জুনায়েদ হালিম, চলচ্চিত্র গবেষক সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা প্রসূন রহমান, নোমান রবিন, রাজীবুল হোসেন প্রমুখ।

জাতীয় চলচ্চিত্র সভায় উদ্বোধনী বক্তব্য দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি এবং জাতীয় চলচ্চিত্র সভা সঞ্চালন করেন ও ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন এবং পাঠ করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন।

সভার শুরুতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের পক্ষ থেকে ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠার লিখিত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুর হাতে তুলে দেন এফএফএসবি’র সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.