Sylhet Today 24 PRINT

ধর্ম পরিবর্তন করে শাকিবকে বিয়ে করি, আমার ছেলের বাবাও শাকিব : দাবি অপু বিশ্বাসের

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৭

শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তখন তিনি নাম নিয়েছিলেন অপু ইসলাম খান। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে।

সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত (লাইভ) অনুষ্ঠানে নিজের না বলা কষ্টের কথা বলতে গিয়ে কাঁদলেন অপু বিশ্বাস।

জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নামের পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন।’

‘বাচ্চা নিয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি দীর্ঘদিন আড়ালে ছিলাম। পাঁচ মাস হয় ঢাকায় এসেছি। দীর্ঘ নয় মাস আমি কলকাতা, ব্যাংকক ও সিংঙ্গাপুরে ছিলাম’, বলেন অপু বিশ্বাস।

অপু আরো বলেন, ‘সবার ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। এত দিন আড়ালে থেকে দেখেছি, সবাই আমাকে কত ভালোবাসে। আমি সবার কাছে অনেক বেশি ঋণী হয়ে গেলাম। গণমাধ্যমে আমাকে নিয়ে যে নিউজ করেছে, তা দেখে নিজের চোখেই পানি চলে আসত। সবাই আমাকে এত মিস করেছে এবং তা নিয়ে নিউজ হচ্ছে, আমি এত দিন দেখেছি, কিন্তু কিছু বলতে পারিনি। এবার সব কথা খুলে বলব। দেখা হবে আজ বিকেলে।’

কবে থেকে কাজে ফিরবেন—জানতে চাইলে অপু বলেন, “খুব তাড়াতাড়িই ফিরছি, আগামী মাসের প্রথম দিকে হতে পারে। আমি এখনো কোনো পরিচালক-প্রযোজকের সঙ্গে যোগাযোগ করিনি। দু-একদিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করব। তবে আমার অসমাপ্ত ছবি ‘রাজনীতি’, ‘মাই ডার্লিং’, ‘ভালোবাসা ২০১৬’ ছবিগুলো শেষ করব। এগুলো শেষ করতে করতে বাকি কাজ গোছাব।”

বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং শেষ না করেই গত বছর মার্চে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছা করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউই তাঁর কোনো খবর জানতে পারেননি গত এক বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.