Sylhet Today 24 PRINT

বাচ্চার দায়িত্ব শাকিব নেবে, খুশি অপু বিশ্বাস

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৭

আমি আমার সন্তানের স্বীকৃতি চেয়েছি। আমি হ্যাপি, বাবা তার ছেলেকে নেবে। পৃথিবীতে এর চেয়ে বড় কিছু নেই- এসব মন্তব্য করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

রাজধানীর নিকেতনে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস তার দায়িত্ব শাকিব নেবে না, শাকিবের সেই কথার প্রতিক্রিয়ায় জানান, ‘আমি আমার সন্তানের স্বীকৃতি চেয়েছি। আমি আর দশজন ঘরোয়া মেয়ের মতো না। আমি অপু বিশ্বাস, আমি আমার দায়িত্ব নিতে পারি।’

তিনি বলেন, ‘আমি হ্যাপি, বাবা তার ছেলেকে নেবে। পৃথিবীতে এর চেয়ে বড় কিছু নেই। আমার বাচ্চার বয়স ছয় মাস হলো। কয়দিন পর একবছরের বার্থ ডে করতে হবে না? এই স্বীকৃতি তো লাগবে।

অপু বিশ্বাস বলেন, ‘সে (শাকিব) কেন আমার দায়িত্ব নেবে না বলেছে, সেটা নিয়ে পরে বলতে পারবো। তবে আসলে আজকের ঘটনায় সে একটু আপসেট মনে হয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি নিজের স্বীকৃতি নিয়ে কাল শ্বশুরবাড়ি গিয়ে বলব, মা আপনার জন্য ভাত রান্না করি এমন মেয়ে আমি না। আমি আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে একজন মায়ের দায়িত্ব পালন করেছি।’

এর আগে সোমবার বিকালে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে স্বামী দাবি করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘৯ বছর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের বাসায় ইসলাম ধর্মমতে আমাদের বিয়ে হয়। আমার নতুন নাম অপু ইসলাম খান। বিয়েতে শাকিবের পরিবারের লোকজনসহ প্রযোজক মামুনুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটি সন্তানও আছে। শাকিবের ক্যারিয়ারের কথা ভেবেই এতদিন বিয়ে বা সন্তানের কথা বলিনি।’ শাকিব-অপুর সন্তান তার মতো কিনা ওই টেলিভিশনের উপস্থাপিকা প্রশ্ন করলে অপু বলেন, ‘শাকিব খানের মতোই হয়েছে।’

এরপর পরই বিষয়টি নিয়ে শাকিব খান তার প্রতিক্রিয়ায় বিয়ে ও সন্তানের কথা স্বীকার করেন। তবে এর বেশি কিছু তিনি জানাননি। তিনি বলেন, ‘অপুর টিভি অনুষ্ঠানে অংশ নেওয়ায় আমি ক্ষুদ্ধ। আব্রাহাম আমার সন্তান। অবশ্যই আমি তার দায়িত্ব নেব। কিন্তু অপুর দায়িত্ব আমি নেব না। অপু আমাকে অসম্মান করল।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.