Sylhet Today 24 PRINT

সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব খান

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৭

সংবাদ সম্মেলনের ডেকেছেন ঢাকা চলচ্চিত্রের নায়ক শাকিব খান। সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করার কথা বিনোদন সংবাদকর্মীদের জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন করবেন তিনি।

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি শাকিব-অপু। তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এতদিন বিভিন্ন কথা গণমাধ্যমে জানা গেলেও এই প্রথম শাকিবকে স্বামী দাবি করেছেন অপু। সেই সঙ্গে নিজেদের সন্তানের কথাও জানান তিনি।

শাকিব অবশ্য নিজের সন্তানকে অস্বীকার করেন নি। জানিয়েছেন, সন্তানের দায়িত্ব নেবেন তিনি।

শাকিবের দাবি, এটি তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য এটা চক্রান্ত। বিয়ের কথা এত দিন গোপন রাখার বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইনি। এখন সে (অপু বিশ্বাস) এনেছে। তাঁর সব চাহিদা পূরণ করেছি। যখন বলেছে টাকা দিয়েছি।

শাকিব খান বলেন, আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব। সে আমার সন্তান। সারাজীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব।

এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অপু বলেন, চিত্রনায়ক শাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তাদের একটি ছেলেও রয়েছে। তিনি বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এই বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের সময় তাঁর নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতেই এত দিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে।

হঠাৎ উধাও হয়ে যাওয়ার ১০ মাস পর ফেরেন অপু বিশ্বাস। তিনি বলেন, এই দীর্ঘ সময়টায় তিনি ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয়, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। ছেলের নাম আব্রাহাম খান জয়। তিনি এসব কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। বলেন, শাকিবের ভালো চিন্তা করে তিনি সব করেছেন। অনেক ছাড় দিয়েছেন। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমানায় পৌঁছে গেছেন তিনি। তাই এবার সব বলছেন।

শাকিব সম্মান করেননি, বরং বারবার ছোট করেছেন বলে অপু বিশ্বাস বলেন। তার ভাষায়, ‘সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।’

একপর্যায়ে অপু বিশ্বাস বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব তাকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে। তাই তিনি তেমনটা করেছেন। সন্তান হওয়ার সময় শাকিব তার পাশে ছিলেন না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান। সন্তানের সব খরচও দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.