Sylhet Today 24 PRINT

সঞ্জয় দত্তের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক  |  ১৬ এপ্রিল, ২০১৭

পুরাতন মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ার কারণে সঞ্জয় দত্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুম্বাই পুলিশ।

জানা যায়, পরিচালক শাকিল নুরানির ছবি ‘জান কি বাজি’ ছবিতে অভিনয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সঞ্জয় দত্ত। ২০০২ সালের সেই ছবিতে অভিনয় করার জন্য আগাম ৫০ লাখ রুপিও নিয়েছিলেন। তবে সেই ছবিতে অভিনয় তো করেননি, সে টাকাও আর ফেরত পাননি পরিচালক।

শাকিল নুরানির দাবি, উল্টো তাকেই হুমকি দেন সঞ্জয় দত্ত। এরপর তিনি সঞ্জয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। তখন সঞ্জয় দত্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেয় মুম্বাই হাইকোর্ট।

আন্ধেরি কোর্টে নুরানি অভিযোগ জানান, তাকে আন্ডারওয়ার্ল্ড থেকে একাধিক হুমকি দেওয়া হচ্ছে। ২০১৩ সালে আদালতে হাজিরা না দেওয়ার জন্য সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকে সঞ্জয় নিয়মিত আদালতে আসতে থাকেন।

অবশেষে সে অভিযোগ খারিজ হয়ে যায়। এরপর ১৯৯৩ এর মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় বেআইনি অস্ত্র রাখার দায়ে ৫ বছরের কারাবাসও হয় সঞ্জয়ের। মুক্তির পর নুরানির আইনজীবী নীরজ গুপ্ত আদালতে সঞ্জয়ের হাজিরা নিয়ে আবার মামলা দায়ের করেন।

আইনজীবীর দাবি, জেল থেকে মুক্তির পর সঞ্জয় দত্তের উচিত কোর্টে হাজিরা দেওয়া, যা উনি করছেন না। ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া এই অভিযোগের ভিত্তিতে সঞ্জয় দত্তের বিরুদ্ধে জারি হয়েছে নতুন এই গ্রেপ্তারি পরোয়ানা।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.