Sylhet Today 24 PRINT

নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে এবার আজানের ভিডিও পোস্ট করলেন সনু

বিনোদন ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৭

সনু নিগমের আজান নিয়ে মন্তব্যে ভারত জুড়ে চলছে বিতর্ক। ব্যাপক সমালোচনা হচ্ছে তাঁর এ বক্তব্যের। কিন্তু নিজের অবস্থানে অনড় রয়েছেন সনু। সনুর ফ্ল্যাট থেকে আজানের শব্দ বেশি জোরে শোনা যায় না- এমন অভিযোগের জবাবে এবার নিজের ফ্ল্যাট থেকে আজানের শব্দ ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

রোববার (২৩ এপ্রিল) ওই ভিডিও পোস্ট করে সবাইকে সুপ্রভাত জানান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই গায়ক।

হিন্দু হওয়া সত্ত্বেও লাউডস্পিকারে আজানের শব্দেই যে তার ঘুম ভাঙে, সে কথাই এবার ভিডিওর মাধ্যমে প্রমাণ করতে চাইলেন সনু। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত না করে মসজিদ বা গুরুদ্বারে লাউডস্পিকার বন্ধ করার দাবি তুলেছিলেন তিনি। কিন্তু তার মন্তব্যে আজানের কথা উঠে আসায় তা ভালভাবে নেয়নি মুসলিম সম্প্রদায়। মুসলিমদের আবেগে আঘাত করার অভিযোগে গায়ক সনু নিগমের উপর ফতোয়াও জারি করেছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি তথা মৌলভী সৈয়দ শাহ আতেফ আলি আল কাদরি৷ তিনি হুমকি দিয়েছিলেন, সোনুর মাথা কামিয়ে গলায় একজোড়া ফাটা জুতোর মালা পরিয়ে গোটা দেশে ঘোরাতে পারলে ১০ লক্ষ রুপি ইনাম দেবেন।

ইমামের ফতোয়ার জবাবে নিজেই বাসায় সাংবাদিক ডেকে গত বুধবার মাথার চুল কামিয়ে ফেলেন সনু নিগম। তারপর দাবি করেন, তার ঘনিষ্ঠ আলিম ভাইকে (যিনি চুল কেটেছেন) যেন ওই ১০ লক্ষ রুপি দিয়ে দেওয়া হয়।

এদিকে, সনুর বক্তব্যের পক্ষে-বিপক্ষে অবস্থা নিয়েছেন বলিউড তারকারা। অনেকে সনুর সাহসের প্রশংসা করলেও সমালোচনাও করছেন কেউ কেউ।

সনু নিগমের পোস্টটির পর নবাগত অভিনেত্রী শ্রদ্ধা দাস এর সমালোচনা করে ফেসবুকে লেখেন, 'আমি সনুর অ্যাপার্টমেন্টের পাশেই থাকি। গত কয়েকদিন ধরে জানলা দিয়ে উঁকি মেরে দেখছি, সনুর বাড়ির সামনে অনেক পুলিশ ভ্যান এবং মিডিয়ার লোকেরা ভিড় জমিয়েছেন। তার মাথা কামিয়ে ফেলার কথাও শুনেছি। তারপর থেকেই এই ভিড়। বাড়ির বাইরে তাই বেশ যানজটও হচ্ছে। কিন্তু আজানের শব্দ একেবারেই কানে লাগে না। সত্যি বলতে আমি এর আগে কখনও আজানের আওয়াজ ঘর থেকে শুনতেও পাইনি।'

পরে অবশ্য বিতর্ক এড়াতে পোস্টটি নিজের ওয়াল থেকে মুছে ফেলেন শ্রদ্ধা।

তবে রোববারের ওই ভিডিও পোস্ট করে সনু ফের ইঙ্গিত দিলেন, তিনি কোনও ফতোয়াকে ভয় পান না। উপাসনালয়ে লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে তিনি যে দাবি তুলেছেন, তা অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.