Sylhet Today 24 PRINT

মাহির সঙ্গে বিয়ে হয়েছিলো শাওনের, মামলা থেকে অব্যাহতি

বিনোদন ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৭

চিত্রনায়িকা মাহির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শাহরিয়ার ইসলাম শাওন। পুলিশের প্রতিবেদন বলছে, মাহির সঙ্গে আগে বিয়ে হয়েছিলো শাওনের।

মঙ্গলবার (এপ্রিল) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম পুলিশের দেওয়া চূড়ান্ত অব্যাহতির আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়। তারা দুজন কিছুদিন সংসারও করেন। পরে দাম্পত্য কলহের জের ধরে আলাদা হয়ে যান। তাদের মধ্যে খোলা তালাক হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মামলায় শাওনের বিরুদ্ধে মাহি কোনো সাক্ষিও উপস্থাপন করতে পারেননি। তাই তথ্যগত ভুলের কারণে এ মামলার দায় থেকে শাওনকে অব্যাহতি দিতে চূড়ান্ত প্রতিবেদনে আবেদন করে পুলিশ।

গত বছর ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে মামলা করেন মাহি। এজাহারে বলা হয়, মাহির পূর্বপরিচিত ও বন্ধু শাওন। এ নায়িকার বিয়ে হওয়ার পর তার কাছে থাকা বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন শাওন। মামলায় শাওনের সহযোগী হিসেবে হাসান, আল-আমিন, খালাতো ভাই রেজওয়ানের বিরুদ্ধেও অভিযোগ করেন মাহি। পরে ওই মামলায় গ্রেপ্তার হন শাওন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

আদালত মামলার তদন্তের নির্দেশ দিলে পুলিশ ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এতে শাওনকে অব্যাহতি দিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.