Sylhet Today 24 PRINT

গাড়ি দুর্ঘটনায় নিহত মডেল সোনিকা

বিনোদন ডেস্ক  |  ২৯ এপ্রিল, ২০১৭

মডেল সোনিকা সিং চৌহান (গোল চিহ্নিত)

গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন কলকাতার জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহান। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি।

শনিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিক দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবার ভোরে সাদা রঙের একটি চার চাকার গাড়িতে করে গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন বিক্রম ও সোনিকা। এসময় গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম নিজেই। তার পাশেই বসেছিলেন সোনিকা। লেক মলের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে গাড়িটি। এরপর সেটি একটি দোকানে ধাক্কা মেরে ছিটকে গিয়ে আবার ধাক্কা মারে ডিভাইডারে। দু'টো প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

পরে স্থানীয়রা বিক্রম ও সোনিকাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সোনিকাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, মাথাসহ দেহের বিভিন্ন জায়গা থেকে মারাত্মক রক্তক্ষরণে মৃত্যু হয়েছে সোনিকার। প্রাথমিক চিকিৎসার পর বিক্রমকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু ফের অসুস্থ বোধ করায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

সোনিকা মডেলিং এর জগতে বেশ জনপ্রিয় নাম। ২০১০ সালে সানন্দা তিলোত্তমার সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন তিনি। ২০১৩ সালে মিস ডিভার প্রথম ১৪ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এই প্রতিযোগিতাতেই মিস পপুলার বিভাগে জয়ী হয়েছিলেন সোনিকা। পাশাপাশি টেলিভিশনে প্রো কাবাডি লিগের উপস্থাপক হিসেবেও দেখা গিয়েছিল তাকে।

অন্যদিকে, কলকাতার জনপ্রিয় অভিনেতা বিক্রম বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.