Sylhet Today 24 PRINT

মদ খেয়েছি, কিন্তু মাতাল ছিলাম না : পুলিশের জিজ্ঞাসাবাদে অভিনেতা বিক্রম

বিনোদন ডেস্ক |  ১০ মে, ২০১৭

বিক্রম চট্রোপাধ্যায় ও সোনিকা সিং চৌহান

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, দুর্ঘটনার রাতে তিনি মদ্যপান করেছিলেন, কিন্তু মাতাল ছিলেন না।

মঙ্গলবার (৯ মে) টালিগঞ্জ থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি এমন দাবি করেন।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত টালিগঞ্জ থানায় জেরা করা হয় বিক্রমকে। মডেল সোনিকা চৌহানের মৃত্যুর তদন্তের জন্য ওই দিনই চার সদস্যের বিশেষ দল গঠন করে পুলিশ।

এর আগে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিক্রমকে সাতদিনের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল।

মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ টালিগঞ্জ থানায় পৌঁছান তিনি। এরপর রাত প্রায় সোয়া একটা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ।

আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশের জেরার মুখে বিক্রম স্বীকার করেন যে দুর্ঘটনার রাতে তিনি মদ্যপান করেছিলেন। তবে একই সঙ্গে তাঁর দাবি, তিনি মোটেই বেসামাল ছিলেন না। গাড়ি চালানোর মতো অবস্থায় ছিলেন তিনি।

এর আগে অবশ্য মদ্যপানের বিষয়টি অস্বীকার করেছিলেন বিক্রম। পুলিশের কাছে হাজির হওয়ার কয়েক দিন আগে ডাকা সংবাদ বিক্রম দাবি করেন, দুর্ঘটনার রাতে তিনি মদ্যপান করেননি।

এরপর দুর্ঘটনার রাতের পার্টিতে উপস্থিত অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তাঁরা ওই দিন বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন। পার্টিতে উপস্থিত অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও থানায় জানিয়েছেন, সে রাতে বিক্রম মদ্যপান করেছিলেন।

গাড়ি ব্রেক ফেল করেছিল কি না পুলিশের এমন প্রশ্নের জবাবে বিক্রম বলেন, না, সম্ভবত ট্রাম লাইনে চাকা পিছলে গিয়েছিল। আর গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার।

তবে বিক্রমের জবাবে সন্তুষ্ট হতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর গাড়িটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাতে পুলিশের অনুমান, গাড়ির গতি অনেক বেশি ছিল।

তদন্তকারীরা বলেছেন, গাড়ির এয়ারব্যাগ কেন খোলেনি তা নিয়ে গাড়ির নির্মাতা সংস্থার সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। মঙ্গলবার গাড়ির এয়ারব্যাগ বাজেয়াপ্ত করে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গত ২৯ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিক দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনা পড়েন অভিনেতা বিক্রম চট্রোপাধ্যায়। তিনি আহত হলেও ওই দুর্ঘটনায় নিহত হন গাড়িতে তার সঙ্গে থাকা মডেল সোনিকা সিং চৌহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.