Sylhet Today 24 PRINT

নবীন অভিনেতা সাদাতের আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক |  ১২ মে, ২০১৫

অভিনেতা সাদাতের বিয়ের ছবি

মাত্র ৮ দিন আগে (২ মে) দীর্ঘদিনের বান্ধবী জান্নাত ফেরদৌসকে বিয়ে করেছিলেন, সদ্যই মিডিয়া জগতে পা রাখা সাদাতের জীবনে যখন বসন্ত ডানা মেলতে শুরু করছিল ঠিক তখনই জীবনটাই থেমে গেল তার।

নবীন অভিনেতা, মডেল ও অনুষ্ঠান ব্যবস্থাপক সায়েম সাদাতকে গত রোববার(১০ মে)  দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর শ্যাওড়াপাড়ায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।

সায়েম সাদাত এয়ারটেল প্রযোজিত ও শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘ভিটামিন টি’ টেলিছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এ ছাড়া ‘ভালোবাসা ১০১’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে সুধী মহলের প্রশংসা কুড়ান।

গ্রামীণফোনের দুটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপনচিত্রেও (টার্নব্যাক) অভিনয় করেন তিনি ৷ প্রচারের অপেক্ষায় থাকা রেদওয়ান রনির ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’তে অভিনয় করেছেন তিনি৷ এ ছাড়া সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ ছবির শুটিং শেষ করেন ৷

সায়েম সাদাত মঞ্চ নির্মাণ ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টুডিও অ্যাশের অনুষ্ঠান ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মঞ্চ তৈরির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সায়েম।

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সম্ভাবনাময় এই তরুন অভিনেতা। সোমবার সকালে সায়েমের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয় ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.