Sylhet Today 24 PRINT

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘ডুব’

বিনোদন ডেস্ক  |  ০২ জুন, ২০১৭

রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’। ছবিটি উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের জন্য নির্বাচিত হয়েছে। নয়টি দেশের ১০টি ছবির সঙ্গে লড়বে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডুব’।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১১টি ছবির নাম ঘোষণা করেন উৎসব আয়োজকেরা। প্রধান প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশসহ স্থান পেয়েছে ভারত, রাশিয়া, জার্মানি, কোরিয়া, জাপান, ফিনল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ডেনমার্ক ও চীনের ছবি।

রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবের এবারের আসর বসছে ২২ জুন থেকে। উৎসব চলবে ২৯ জুন পর্যন্ত।

‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। বাংলাদেশে এ ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহপ্রযোজকও ইরফান খান।

নানা জটিলতার কারণে বাংলাদেশে ছবিটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। তাই আটকে আছে দেশে এ ছবির মুক্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.