Sylhet Today 24 PRINT

আসছে ফরিদা পারভীনের হিন্দি লালনগীতির অ্যালবাম

বিনোদন ডেস্ক |  ০৬ জুন, ২০১৭

হিন্দি ভাষায় গাওয়া লালনগীতি নিয়ে অ্যালবাম প্রকাশ করছেন ফরিদা পারভীন। ডিভিডি আকারে প্রকাশ পেতে যাওয়া এই অ্যালবামে থাকবে ফকির লালন সাঁইয়ের কালজয়ী ২০টি গান।

জানা গেছে, এরই মধ্যে আটটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি গানগুলোর রেকর্ডিং শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন শিল্পী ফরিদা পারভীন।

অ্যালবামের নির্বাচিত গানগুলো হিন্দি ভাষায় অনুবাদ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার অধ্যাপক মুচকুন্দ দুবে। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি ভবনে মুচকুন্দ দুবের লেখা 'লালন শাহ ফকির কি গীত' বইয়ের সঙ্গে ফরিদা পারভীনের ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়। পরে স্মারক অ্যালবামটি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দেওয়া হয়।

সর্বসাধারণের জন্য লালনের ২০ গানের সংকলনটি আরও কিছুদিন পর প্রকাশ পাবে বলে জানিয়েছেন ফরিদা পারভীন। অ্যালবামের গানগুলো হিন্দি ভাষাভাষী শ্রোতাদের মনে দাগ কাটবে বলে তিনি আশাবাদী।

এর আগেও হিন্দি ভাষায় লালনগীতি গেয়েছেন ফরিদা পারভীন। আশির দশকে হিন্দি ভাষায় গাওয়া লালনগীতি নিয়ে একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল। এবারের হিন্দি সংকলনটি তার দ্বিতীয় আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.