Sylhet Today 24 PRINT

২০০০ কোটির মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়লো ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক |  ২৭ জুন, ২০১৭

সিনেমার ইতিহাসে নতুন ইতিহাস গড়েছে আমির খানের 'দঙ্গল'। ভারতে মুক্তির বেশ কিছুদিন আগে চীনে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর চীনে ব্যাপক সাড়া ফেলে দেয় মহাবীর সিং ফোগাটের জীবন নিয়ে তৈরি এই ছবি। চীনের হাত ধরেই বক্স অফিসে নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে দঙ্গল। তবে শুধুই বক্স অফিস নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক সকলেরই মন ছুঁয়ে গিয়েছে এ ছবি।
 
ফোর্বসের প্রতিবেদন অনুসারে, ভারতে দঙ্গল এর বক্স অফিস কালেকশন ছিল ২০০ কোটি। সারা বিশ্বজুড়ে এই ছবি ঘরে তোলে আরও ৮০০ কোটি। সোমবার (২৬ জুন) সেই তালিকায় হয়েছে নতুন সংযোজন। চীনে ছবি মুক্তির ৫৩তম দিনে এই ছবি ব্যবসা করেছে ২.৫ কোটি টাকা। আর সেই আড়াই কোটি দিয়েই দঙ্গল চীনে ৩৯০ কোটি রুপি কামিয়ে এর মোট বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলল ২০০০ কোটি রুপির মাইলস্টোন। এই প্রথম কোনো ভারতীয় ছবি নাম লেখাল ২০০০ কোটির ক্লাবে।

বক্স অফিসের নিরিখে বিশ্ব সিনেমার ইতিহাসে সেরা বিশের মধ্যে ১৬ নম্বর স্থানে উঠে এসেছে দঙ্গল। ইংরেজি ভাষার ছবি বাদ দিয়ে বক্স অফিসের নিরিখে এটি সেরা পঞ্চম ছবি। হলিউডের ছবি বাদ দিয়ে দঙ্গল একমাত্র ছবি যা এতটা প্রভাব ফেলেছে চীনা বক্স অফিসে। এখনও চীনজুড়ে দারুণ ব্যবসা করছে এই ছবি। ভবিষ্যতে আরও কত রেকর্ড ভাঙে এই ছবি, সেটিই এখন দেখার অপেক্ষা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.