Sylhet Today 24 PRINT

অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৭

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আবদুর রাতিন আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

আবদুর রাতিনের ভাই অঞ্জন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিন ব্লকে (২১৬ নম্বর) বেশ কিছু দিন প্রায় অচেতন অবস্থায় ছিলেন তিনি।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে রাতিনকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অঞ্জন রহমান আরও জানান, আবদুর রাতিন প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন।

অভিনেতা রাতিন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘দেবদাস’, ‘হারানো সুর’, ‘শুকতারা’, ‘জবাব চাই’, ‘স্নেহের প্রতিদান’, ‘চোরের বউ’, ‘মহান বন্ধু’, ‘লালু সর্দার’, ‘স্বার্থপর’ প্রভৃতি। তার অভিনীত মঞ্চ নাটকের সংখ্যা প্রায় শতাধিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.