সিলেটটুডে বিনোদন ডেস্ক | ২৯ জুলাই, ২০১৭
গত সপ্তাহে সবচেয়ে আলোচনার বিষয় ছিল আলোচিত তারকা দম্পতি তাহসান ও মিথিলার ডিভোর্স। তাহসানের সঙ্গে মিথিলার ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান হয় গেল মে মাসে।
তবে বিষয়টি গোপন রেখেছিলেন দুজনেই। সম্প্রতি কিছু অনলাইনে মুখরোচক খবর প্রকাশ হওয়ার পর ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা। বিষয়টি ভালোভাবে নেননি তাদের ভক্তরা। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এনিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এখন এগুলোকে পিছনে ফেলে আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাহসান আর মিথিলা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা’ কনসার্ট গান গেয়েছেন তাহসান।
আর মিথিলা এখন ব্যস্ত শুটিং নিয়ে। গতকাল সারা দিন ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর আর একটি ফ্লাইটে শুটিং করেছেন। টেলিছবির নাম ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’।
পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। মিথিলার সঙ্গে অভিনয় করছেন অপূর্ব। আজ ২৮ জুলাই শুক্রবার রাতে শুটিং থেকে ফেরার পথে তিনি বললেন, ‘গতকাল বৃহস্পতিবার পুরো কাজ হয়েছে বিমানবন্দর এলাকায় এবং ফ্লাইটের ভেতরে। আজ আমরা কাজ করেছি হৈ চৈ শুটিংবাড়িতে।’