Sylhet Today 24 PRINT

শাহরুখের \'জমজ\' ভাই হায়দার মকবুল!

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৭

তিনি বলিউড কিং। তার ভক্তের অভাব নেই। তার লুক, স্টাইল ফলো করার চেষ্টা করেন ছেলেরা। তিনি শাহরুখ খান।

নারী ভক্তরা চান কিং খানের মতো সঙ্গী পেতে। আর পুরুষ ভক্তরা ঠিক তারই মতো হতে চান। শাহরুখকে না পেলেও, ভক্তরা পেয়ে যাবেন তার কার্বন কপিকে।

শ্রীনগরের বাসিন্দা হায়দার মকবুলকে অবিকল দেখতে শাহরুখের মতো।

শাহরুখের ফ্যান সিনেমার কথা মনে আছে? সেখানে এক ভক্ত তার স্বপ্নের নায়ককে নকল করতে করতে হয়ে ওঠেন তারই মতো। তবে সে তো ছায়াছবির তৈরি করা চরিত্র। স্বয়ং শাহরুখ খানই সে ছবিতে ছিলেন নিজের ভক্তের ভূমিকায়। মকবুলের ইচ্ছার কথা শুনলে মনে পড়ে যাবে ‘ফ্যান’ ছবির কথা।

হায়দার মকবুল কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়। তিনি সত্যি সত্যিই এসআরকের এক ছায়া অবয়ব।

২২ বছরের হায়দার ছোটবেলা থেকেই শাহরুখের ভক্ত। শাহরুখকে অনুকরণ করতে করতে একেবারে তার মতোই হয়ে উঠেছেন তিনি। শাহরুখের মতোই নাক, ভুরু এবং অদ্ভুত ভাবে মকবুলের গালেও একই রকম টোল পড়ে।

চেহারায় মিল রয়েছে বলে, কিং খানের মতোই দাড়ি রেখেছেন হায়দার মকবুল। রাস্তাঘাটে তাকে দেখে শাহরুখ বলে অনেকেই ভুল করেন। সেটা অবশ্য হায়দারের বেশ ভালোই লাগে। শ্রীনগরের এই যুবকের ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায় যে, তিনি এসআরকের কত বড় ভক্ত। তার জীবনের স্বপ্নই হল শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করা।

প্রসঙ্গত, একই চেহারার মানুষ খুব বেশি পৃথিবীতে দেখা যায় না। কিছুদিন আগে লিওনেল মেসির মতো চেহারার এক ইরানী যুবক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.