Sylhet Today 24 PRINT

জাফলংয়ে নদীর বুকে চাঁদ দেখবেন সাইমন-পরী

বিনোদন ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৭

ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা সাইমন ও পরীমনি। এই দুজন একসঙ্গে অভিনয় করছেন ‌‘নদীর বুকে চাঁদ’ নামের একটি ছবিতে।

এই ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। কিছু গানের দৃশ্য বাকি ছিলো। সাইমন-পরীর শিডিউল মেলাতে হিমশিম খাচ্ছিলেন পরিচালক শওকত ইসলাম। তাই বেশ দেরি করেই শুরু করতে হলো ছবির বাকি শুটিং।

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ‘নদীর বুকে চাঁদ’ ছবির শুটিং। এই উদ্দেশ্যে সাইমন ও পরীকে নিয়ে সিলেটে রওনা দিয়েছেন নির্মাতা। সেখানের গানের দৃশ্যায়ণ চলবে টানা ২০ আগস্ট পর্যন্ত।

সাইমন বলেন, ‘বৃহস্পতিবার থেকে গানের শুটিং হবে। অনেক ভালো একটি গল্পের ছবি এটি। আশা করছি, দর্শকদের হলে আনবে ‘নদীর বুকে চাঁদ’। এটি চলতি বছরেই মুক্তি পাবে।’

এদিকে পরীমনি বলেন, ‘দীর্ঘদিন পর আবার এ ছবির শুটিং করছি। সিলেটের জাফলংয়ে এই লোকেশনেই শুরু হয়েছিল ছবিটির শুটিং। আর শেষও হচ্ছে এখানে। আর সাইমনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি তাই আমাদের বোঝাপড়াটা ভাল। আশা করছি দর্শকপ্রিয় ছবি হবে এটি।’

সাইমন ও পরীমনি জুটির তৃতীয় ছবি ‘নদীর বুকে চাঁদ’। ২০১৫ সালে তারা ছবির কাজ শুরু করেছিলেন। এছাড়া ‘রানা প্লাজা’ ও ‘পুড়ে যায় মন’ ছবিতে দুজন জুটি বেঁধেছিলেন। ‘পুড়ে যায় মন’ মুক্তি পেলেও ‘রানা প্লাজা’ ছবিটি আটকে যায় সরকারি নির্দেশে।

এরপর এই জুটি সম্প্রতি নতুন করে ‘বাহাদুরি’ নামের আরও এক ছবির শুটিং শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.