Sylhet Today 24 PRINT

ঈদের নাটকে গাইলেন মিথিলা

বিনোদন ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৭

নতুন একটি নাটকের জন্য গাইলেন অভিনয়শিল্পী মিথিলা। ‘পাঞ্চক্লিপ’ নাটকের ‘মুখোমুখি’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন তিনি। গানটিতে মিথিলার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা। এর আগেও কয়েকটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন মিথিলা।

গানটি লিখেছেন তন্ময় চৌধুরী, এর রেকর্ডিং হয়েছে স্টুডিও ৫৮’তে। সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে মিথিলার অংশের কণ্ঠ ধারণ করা হয়।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। তিনি বলেন, এই প্রথম আমি নির্মাণ করছি ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’। নাটকে সম্পর্কেরও যে নানান সৌরভ থাকে যা স্থান কাল ভেদে নানান সুবাস ছড়ায় সেই গল্প বলতে চেয়েছি আমার মত করে। আশা করি এই ঈদের স্বাদ আরেকটু বাড়িয়ে দেবে আপনাদের।

নাটকের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন মিথিলা। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

নাটকটি আরটিভির ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় লাক্স সৌরভের গল্প সিরিজে প্রচারিত হবে। একই সময়ে ইউটিউবে ইটিউন্স এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলেও দেখা যাবে ‘পাঞ্চক্লিপ’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.