Sylhet Today 24 PRINT

দর্শকদের অনুরোধে টানা তিন দিন ‘বড় ছেলে’

বিনোদন ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

ঈদুল আজহায় প্রশংসিত টেলিছবির তালিকায় ওপরের দিকে রয়েছে অপূর্ব ও মেহজাবিন অভিনীত ‘বড় ছেলে’। তাদের আবেগাপ্লুত অভিনয় দেখে বেশিরভাগ দর্শকই চোখের জল ধরে রাখতে পারেননি। এর গল্পে রয়েছে একটি মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন।

সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এই টেলিছবির দর্শক ভিউ বেড়ে চলেছে আশাতীত হারে। ‘বড় ছেলে’কে দেখার ইচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্ট্যাটাসও দিচ্ছেন। সবার অনুরোধে ‘বড় ছেলে’ আবারও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল নাইন।

আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ১১টায় বিরতিহীনভাবে প্রচার হবে ‘বড় ছেলে’। বিষয়টি নিশ্চিত করেছেন টেলিছবিটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেন, ‘প্রথমেই বলে রাখা ভালো— আমার দাদা, বাবা ও আমি পরিবারের বড় ছেলে। তবে এটি আমার জীবনের গল্প নয়। কিন্তু আমি সামনে থেকে দেখেছি।’

গল্পের নেপথ্যের প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালক আরিয়ান আরও বলেন, ‘কাজ করতে গিয়ে ছোটবেলার অনেক স্মৃতিই উঠে আসে। যেমন প্রাইভেট শিক্ষকদের ঘটনা। সেগুলোই এ টেলিছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.