Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পরীমনির জন্মদিন পালন

বিনোদন ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৭

কোরবানি ঈদের প্রাক্কালে একদিন হঠাৎ কানে এলো চলচ্চিত্রের জুনিয়র আর্টিস্টদের (সহযোগী শিল্পী) ভীষণ অসহায়ত্বের কথা। তাদের ঘরে চাল-ডালই নেই, কোরবানির দেবেন কোথা থেকে।

রূপালি পর্দার পরীমনি বাস্তবের পরী হয়ে এলেন তাদের জন্য। এরপর নিজেই কোরবানি দেওয়ার ব্যবস্থা করলেন। জুনিয়র আর্টিস্টদের মধ্যে নিজেই বিলিয়ে দিলেন মাংস। হাসি ফিরে এলো অসহায় শিল্পীদের মাঝে।

দুই বছর ধরে এভাবেই কোরবানির ঈদ কাটিয়েছেন এই চিত্রনায়িকা। একইরকম ‘পরী’ হয়ে আরও অনেকের কাছে এগিয়ে গেলেন তিনি। তারকা হওয়ার পরের জন্মদিনগুলোতে তেমনই হয়েছে। এবারও ব্যতিক্রম হলো না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ২৪তম জন্মদিন কাটালেন পরীমনি। এদিন তিনি সময় দিলেন অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে। নিজে হাতে ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিয়েছেন। তারও আগে পোশাক কিনে দিয়েছেন ওই বাচ্চাদের। সেগুলো পরে তারা যেন হয়ে উঠেছে আর সুন্দর ও পরিপাটি।

কেন এমন আয়োজন? পরী ছোট্ট করে জানিয়েছেন, তার ভালো লাগে তাই।

ঢালিউডের আলোচিত এই অভিনেত্রী এবারের জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছেন প্রিয় মানুষদের সান্নিধ্যে। বন্ধুবান্ধবের সঙ্গে প্রথম প্রহরেই কেটেছেন কেক। এরপর জন্মদিন পালন করলেন শিশুদের সঙ্গে।

জন্মদিনে পরীমনি আরেকটি ভাগ বরাদ্দ রেখেছিলেন পরিবার, বন্ধু ও বিনোদন কর্মীদের সঙ্গে সময় কাটানোর জন্য। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ছিল সেই আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.